জেলা প্রশাসকসহ তিনজন হাইকোর্টে হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাস্থানগড়ের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ক্ষতির ঘটনায় আজ সোমবার হাইকোর্টে হাজিরা দিয়েছেন তিনজন। তাঁরা হলেন—বগুড়ার জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান, পুলিশ সুপার হুমায়ুন কবির ও মাজার কমিটির চেয়ারম্যান মমতাজ উদ্দিন।তাঁরা আজ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হাজিরা দেন। আদালত জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। তবে মাজার কমিটির চেয়ারম্যানকে কাল মঙ্গলবার আবার হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে আদালত ওই ঘটনায় অবিলম্বে থানায় এফআইআর করতে নির্দেশ দিয়েছেন।এর আগে ১০ ফেব্রুয়ারি আদালত কয়েকটি নির্দেশনা দিয়ে এ তিনজনকে আজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। আদালতের নির্দেশ অনুসারে সকালে তাঁরা হাজির হন। ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তাঁরা আদালত কক্ষে দাঁড়িয়ে থাকেন।মহাস্থানগড়ের প্রত্নতাত্তিক নিদর্শন রক্ষায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, তাঁরা আদালতের নির্দেশ অনুসারে আদেশ বাস্তবায়ন করেছেন। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে আট ব্যক্তিকে আটক করা হয়েছে। আদালতে করা মামলায় (নন-এফআইআর) দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।শুনানিকালে আদালত বলেন, ‘প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের রক্ষা করতে হবে। এটা সভ্যতার অংশ। এটা যাতে কেউ ধ্বংস করতে না পারে, সে জন্য ব্যবস্থা নিতে হবে।’ নন-এফআইআর মামলায় তেমন কিছুই হবে না মন্তব্য করে আদালত বলেন, ‘দোষীদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখলের অভিযোগে মামলা করা উচিত। নন-এফআইআর মামলা করে এ ক্ষেত্রে দোষীদের প্রতি নমনীয়তা দেখানোর কোনো সুযোগ নেই।’ ১০ ফেব্রুয়ারি ‘হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাস্থানগড়ে খনন’—এ শিরোনামে প্রথম আলোসহ দুটি জাতীয় দৈনিকে মহাস্থানগড়ে পুনরায় খননের প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন দুটি আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। এ সময় রিট আবেদনকারী পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এর আগে ২ ফেব্রুয়ারি মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে ১০ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। কমিটির অপর সদস্যরা হলেন—বগুড়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, কিউরেটর, মাজার কমিটির সভাপতি, অধ্যাপক মুনতাসীর মামুন, লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির, জাতীয় জাদুঘরের একজন প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একজন শিক্ষক। জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ ডিসেম্বর হাইকোর্ট বগুড়ার মহাস্থানগড়ের ঐতিহাসিক স্থাপনার আশপাশে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছিলেন। এর পরও মহাস্থানগড়সংলগ্ন ‘নেতাই ধোপানীর পাট’ কেটে রাস্তা নির্মাণের কাজ চলছে—এমন অভিযোগে আদালতে আরেকটি আবেদন করে সংগঠনটি। এর পরিপ্রেক্ষিতে আদালত স্থানীয় দুই আওয়ামী লীগ নেতাসহ পাঁচজনকে হাইকোর্টে তলব করেন।