জেলা প্রশাসন-পাউবোর দ্বন্দ্বে বাঁধ ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্ট ১৯ জুলাই সন্ধ্যায় তৃতীয় দফায় আবার ধসে গেছে। এ অবস্থায় ভাঙন ঠেকাতে ফেলা সিসি ব্লক ও বালুর বস্তা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) গাফিলতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও পাউবো কর্মকর্তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। খেপে উঠেছে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। জেলা প্রশাসন ও পাউবোর বিশেষায়িত শাখা সূত্র জানায়, ১৯ জুলাই দুপুরে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের তলদেশ যমুনা নদীর নিচ থেকে অসংখ্য বুদ বুদ ওঠার পর আগে পাইলিং করা বাঁশ ভেসে উঠতে শুরু করে। পরে সন্ধ্যার দিকে ওই স্থানের পাকা বাঁধটির সিসি ব্লকগুলো ধসে যেতে থাকে। এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসন ও পাউবোর কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। শহরবাসী আতঙ্কিত হয়ে পড়ে।পাউবোর নকশা বিভাগের নির্বাহী প্রকৌশলী মোতাহার হোসেন বলেন, যমুনা নদীতে প্রবল ঘূর্ণাবর্তের কারণে আড়াই কিলোমিটার দীর্ঘ বাঁধটি ঝুঁকির মধ্যে পড়েছে। তিনি জানান, ২০০০ সালে বিদেশি হুন্দাই কোম্পানি যখন বাঁধটি নির্মাণ করে, তখন নদীর ওই স্থানের গভীরতা ছিল মাইনাস ১৩ মিটার। বর্তমানে তা বেড়ে ৩৯ মিটার হয়েছে। এই গভীরতা পূরণে যে পরিমাণ সিসি ব্লক ফেলা প্রয়োজন, তা এই মুহূর্তে পাউবোর কাছে নেই। এ ছাড়া উজানে চ্যানেল সরু হওয়ায় নদীর পানি সরাসরি হার্ডপয়েন্টে আঘাত হানছে। ফলে তীব্র ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ায় বাঁধের নিচ থেকে বালুমাটি সরে যাচ্ছে, গভীরতা বাড়ছে। এ সমস্যা নিরসনে জরুরিভাবে নদী খনন করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। অপরদিকে পাউবো ও সেনাবাহিনী যৌথভাবে ভাঙনের ঝুঁকিতে থাকা স্থানে বস্তা ও সিসি ব্লক ফেলছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব শেখ ওয়াহেদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ধস নামার সময় জরুরি কাজে অবহেলার অভিযোগে জেলা প্রশাসন ও পাউবোর মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। তাদের এ বিরোধ ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে।২০ জুলাই জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, পাউবোর গাফলতিতেই ধস নেমেছে। সময়মতো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলে এত বড় ক্ষতি হতো না। জেলা প্রশাসক নির্বাহী প্রকৌশলী আবদুুল মালেককে দায়ী করে বলেন, ১৯ জুলাই বিকেলে ধস এলাকা চিহ্নিত করা গেলেও পাউবো প্রতিকারের কোনো ব্যবস্থা নেয়নি। পাউবোও ঠিকাদারদের মতো আচরণ করেছে। শহর রক্ষা বাঁধ নিয়ে নির্বাহী প্রকৌশলীসহ পাউবোর কর্মকর্তারা ব্যবসায় নেমেছেন। কম বস্তা ফেলে বেশি বস্তার হিসাব দিচ্ছেন। পাউবোর নির্বাহী প্রকৌশলীসহ ব্যর্থ কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহার ও তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসানও ক্ষোভ প্রকাশ করে বলেন, পাউবো কর্মকর্তাদের অর্থ লোপাটের দিকেই নজর বেশি থাকায় হার্ডপয়েন্টে ভাঙনের বিস্তৃতি ঘটেছে। ভাঙন রোধে তাঁরা দ্রুত কোনো ব্যবস্থাই নেননি। ভাঙনকে পুঁজি করে পাউবো কর্মকর্তাদের কোটি কোটি টাকা লোপাটের পাঁয়তারা বরদাস্ত করা হবে না। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জ শহর রক্ষা নিয়ে উদ্বিগ্ন। এ ব্যাপারে কোনো কর্মকর্তার অনিয়ম-দুর্নীতি মেনে নেওয়া হবে না। গত বছর দুটি স্থানে বাঁধ ধসে যাওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটি আজও কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। এতেও স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভেরও সৃষ্টি হয়েছে।এদিকে পাউবো দাবি করেছে, বাঁশ ভেসে ওঠার সঙ্গে সঙ্গে ডুবুরির দল এনে ভাঙনকবলিত বাঁধ দেখতে নামানো হয়। কিন্তু পানির তীব্র স্রোতের কারণে ডুবুরিরা নিচে বেশি দূর যেতে পারেননি। তার পরও যতটুকু তাঁরা পেরেছেন ওই তথ্যানুযায়ী বাঁধের তলদেশের সিসি ব্লক সরে যাওয়া এবং গর্তের সৃষ্টি হওয়ার বিষয়গুলোতে নিশ্চিত হন। এর কিছুক্ষণ পর যখন আরও বেশি বাঁশ উঠতে থাকে, তখন থেকেই বালুর বস্তা আর সিসি ব্লক ফেলা শুরু হয়। জেলা প্রশাসকের বক্তব্য প্রসঙ্গে মতামত জানতে চাইলে পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুুল মালেক জানান, গুরুত্বপূর্ণ সরকারি পদে থেকে তিনি যে মন্তব্য করেছেন, তা অনঅভিপ্রেত ও দুঃখজনক। তিনি সব অভিযোগ অস্বীকার করে জানান, হার্ডপয়েন্ট তদারকি ও মেরামতকাজে সামান্যতম দুর্নীতি বা অনিয়ম করা হয়নি। কম বস্তা ফেলে বেশি বস্তার হিসাব দেখানো হয়নি। বর্তমানে সেনাবাহিনীর তত্ত্ব্বাবধায়নেই কাজ চলছে।