সিরাজগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভার পাশে ট্রেন দুর্ঘটনা, ট্রেনে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গঠিত তদন্ত দল গতকাল সোমবার জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দাখিল করেছে।জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, তদন্ত দল প্রতিবেদনটি সিলগালা করে গতকাল সকালে দাখিল করে। প্রতিবেদনটি না খুলেই তা বাহকের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তদন্ত দলের প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারী বলেন, চার সদস্যবিশিষ্ট তাঁদের দল গত ১১ অক্টোবর সদর উপজেলার সয়দাবাদ এলাকার মুলীবাড়ী রেলক্রসিংয়ের কাছে খালেদা জিয়ার জনসভার কাছে ট্রেন দুর্ঘটনা, ট্রেনে অগ্নিসংযোগ, হামলা ও লুটপাটের ঘটনার তদন্ত করে। তদন্তের সময় ওই দিন ঘটনাস্থলে উপস্থিত কর্তব্যরত র্যা ব, পুলিশ, আনসার, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ প্রায় ৭০ জন স্থানীয় এলাকাবাসীর সাক্ষ্য নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতামতের ভিত্তিতেই এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে প্রতিবেদনে কী লেখা হয়েছে, এ ব্যাপারে তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন দীপক রঞ্জন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদনে জনসভার আয়োজকদের দায়ী করা হয়েছে। এ ছাড়া অনুমতি না নিয়ে সভার আয়োজন করা এবং রেললাইনের পাশে সমাবেশ করা ঠিক হয়নি বলেও সেখানে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে ট্রেনে অগ্নিসংযোগ, যাত্রীদের মালামাল লুট, ফায়ার সার্ভিসের গাড়িসহ পুলিশ ও র্যা বের গাড়ি ভাঙচুর, সরকারি কর্মকর্তাদের মারপিট করা এবং দায়িত্ব পালনে বাধাদানের জন্য জনসভায় আসা বিএনপির নেতা-কর্মীদের দায়ী করা হয়েছে। সাক্ষীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নেতা-কর্মীরা মোটরসাইকেল থেকে পেট্রল ঢেলে ট্রেনে আগুন ধরায়। এ ছাড়া ট্রেনটি তার স্বাভাবিকগতিতেই চলছিল। প্রতিবেদনে পুড়ে যাওয়া ট্রেনের নমুনা পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদনও সংযুক্ত করা হয়েছে।প্রসঙ্গত, ১১ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদল মুলীবাড়ী রেলক্রসিংয়ের পাশের মাঠে ছাত্র গণজমায়েতের আয়োজন করে। সভা চলার সময় প্রধান অতিথি খালেদা জিয়া আসার আগে বিকেল তিনটার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ছয়জন নিহত হয়। এতে বিএনপির সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে ট্রেনের ১১টি বগি পুড়িয়ে দেন এবং ট্রেনের যাত্রীদের মালামাল লুটসহ ফায়ার সার্ভিস, পুলিশ ও র্যা বের গাড়ি ভাঙচুর করেন।