জেলা প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিদের সমন্বয়হীনতা নেই
জেলা প্রশাসনের সঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজে কোনো ধরনের সমন্বয়হীনতা নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। স্থানীয় প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিদের স্নায়বিক সমস্যা থাকলে কাজের মধ্য দিয়ে তা দূর হয়ে যাবে বলে মনে করেন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে আজ বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়-সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। পরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।জাহাঙ্গীর কবির বলেন, এ সরকারের আমলে এখন পর্যন্ত মোট পাঁচ হাজার ২৭২টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে। স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের সহযোগিতায় যে সুষ্ঠু নির্বাচন সম্ভব, তা এ সরকার প্রমাণ করেছে। এ ছাড়া বন্যায় যেসব এলাকায় রাস্তাঘাট, ফসলসহ বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিরূপণ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশে কৃষকেরা যাতে ন্যায্য মূল পায় সে জন্য সরকারের সমবায় হাট করার পরিকল্পনা রয়েছে বলে জানা প্রতিমন্ত্রী। এর আগে জেলা প্রশাসকদের সঙ্গে কৃষি মন্ত্রণালয় সম্পর্কে বৈঠক করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা ডিসিদের বলেছি মাঠপর্যায়ে সমস্যা হলেই তা যেন সঙ্গে সঙ্গে জানানো হয়। যাতে ত্বরিত ব্যবস্থা নিতে পারি। সম্মেলনে ডিসিরা দক্ষিণাঞ্চলে জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন। এ সমস্যাগুলো আমরাও চিহ্নিত করেছি। এগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।’