নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলায় হেফাজতে ইসলাম জেলা কমিটির আহ্বায়কসহ ১১ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন আদালত। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হোসেনের আদালতে গতকাল মঙ্গলবার হাজির হলে আদালত শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাঁরা হলেন জেলা হেফাজতে ইসলামের আহ্বায়ক ও শহরের ডিআইটি কেন্দ্রীয় রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়াল, যুগ্ম আহ্বায়ক ও শহরের আমলপাড়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুল কাদের, ফতুল্লার কাশীপুর মাদ্রাসার অধ্যক্ষ জামালউদ্দিন, জেলা ওলামা দলের সভাপতি সামসুদ্দোহা, শহরের দেওভোগ মাদ্রাসার শিক্ষাসচিব আবদুর রহমান, শিক্ষক মুসা কাশেমী, আবুল খায়ের, সদর উপজেলার ফতুল্লার সাইজুদ্দিন মাদ্রাসার সহকারী অধ্যক্ষ লোকমান হোসেন, শহরের হাজীগঞ্জ মাদ্রাসার শিক্ষক মহিবুল্লাহ, দেওভোগ মাদ্রাসার মোহতামিম আশরাফ হোসেন।নারায়ণগঞ্জ আদালতের পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গত ৬ মে সোনারগাঁয়ের কাঁচপুরে পুলিশ বক্সে হেফাজতের লোকজন লুটপাট ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় সোনারগাঁ থানার এএসআই জুলহাস বাদী হয়ে ওই ১১ জনসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আসামিরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন শেষে মঙ্গলবার দুপুরে নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।