জেলার মহিলা সংস্থা সঠিকভাবে কাজ করছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূলের নারীদের আত্মকর্মসংস্থানের জন্য নেওয়া ক্ষুদ্র ঋণ ও স্বকর্ম সহায়ক ঋণ কর্মসূচি বাস্তবায়ন তদারকির কাজ ঠিকমতো করছে না জাতীয় মহিলা সংস্থার জেলা শাখাগুলো। আজ বুধবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় থেকে এ তথ্য দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, মহিলা সংস্থার জেলা শাখাগুলোর প্রতি মাসে অন্তত একটি বৈঠক করার কথা থাকলেও বেশির ভাগ জেলা তা করছে না। এ নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে অসন্তোষ প্রকাশ করা হয়। সংসদ ভবনে কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, ২০০৯ সালে জেলা মহিলা সংস্থার শাখা গঠন করা হয়। এরপর মাত্র ১৭টি জেলা শাখা নিয়মিত বৈঠক করেছে। বাকি জেলা শাখাগুলো নিয়মিত বৈঠক করেনি। ঢাকা, টাঙ্গাইল, শরীয়তপুর, বগুড়া, চাঁদপুর, যশোর, রংপুর, কমিল্লা, সিরাজগঞ্জ, নীলফামারী, লক্ষ্মীপুর, নাটোর, নওগাঁ, লালমনিরহাট, ভোলা, ঝালকাঠি ও শেরপুর জেলা কমিটি নিয়মিত বৈঠক করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৮টি বৈঠক করেছে যশোর জেলা মহিলা সংস্থা। বৈঠক শেষে কমিটির সভাপতি মেহের আফরোজ সাংবাদিকদের বলেন, জেলা সংস্থার তদারকির কাজ নিয়মিত না হলে কর্মসূচির বাস্তবায়ন ঠিকমতো হয় না। তদারকি যাতে বাড়ে সে জন্য সংসদীয় কমিটি জেলা শাখাগুলোর কার্যক্রম পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে কমিটির সদস্য মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, মোহাম্মদ সিরাজুল আকবর, জিন্নাতুন নেছা তালুকদার, এম এ মান্নান, রেবেকা মমিন, হাসিনা আহমেদ ও আসমা জেরীন উপস্থিত ছিলেন।