জেলে না হয়েও পেয়েছেন নৌকা এবং জাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টির কায়ছারুল ইসলাম, চর মোন্তাজের মো. শাহজাহান বা রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়ার মো. জাফর আহম্মদ—কেউই পেশায় মৎস্যজীবী নন। কিন্তু নৌকা ও জাল কিনতে ১৭ থেকে ২১ লাখ টাকা ঋণ পেয়েছেন তাঁরা। এ রকম আরও অনেকেই আছেন। ঋণসুবিধা পেতে তাঁরা এফিডেভিট করে নিজেদের পেশাদার মৎস্যজীবী হিসেবে পরিচয় দিয়েছিলেন। ৬০০ সমবায়ী দলের বেশির ভাগ সদস্যই প্রকৃতপক্ষে জেলে ছিলেন না। কিন্তু প্রত্যেক দলই মৎস্যজীবী হিসেবে এই ঋণ পেয়েছে। এখন খেলাপি হয়ে তাদের অনেকেই দুর্ঘটনায় জাল-নৌকা খোয়ানোর দাবি করছে।রতনদী-তালতলীর গোলাম মোস্তফা খান পেশায় মৎস্যজীবী না হয়েও এফিডেভিট করে নিজেকে মৎস্যজীবী হিসেবে ঘোষণা করা ব্যক্তিদের একজন। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি দাবি করেন, ‘আমি মৎস্যজীবী ছিলাম, এখনো আছি। ২০০২ সালে আমার ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।’লক্ষ্মীপুরের রামগতিতেও জেলে না হয়ে জাল ও নৌকা নেওয়ার অভিযোগ রয়েছে। দক্ষিণ চর রমিজ মৎস্যজীবী সমবায় সমিতির নৌকাটি সাবেক উপজেলা চেয়ারম্যান হামিদ উদ্দিন ফেরদৌস তাঁর সহকারী ফকরুদ্দিনের নামে নিয়েছেন। মধ্য বড়খেরি পণ্ডিতপাড়া সমিতির নৌকাটি নিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান এ কে এম হাম্মাদ চৌধুরী তাঁর সহকারী এনামুল হকের নামে। মধ্য চর আলেকজান্ডার সমবায় সমিতির নৌকাটি রামগতি পৌরসভার সাবেক চেয়ারম্যান আজাদ উদ্দিন চৌধুরী তাঁর বাবা হারিছ আহমদের নামে নিয়েছেন। মধ্য বালুর চর সমবায় সমিতির নৌকাটি নিয়েছেন জাতীয় মৎস্যজীবী সমিতির সাবেক সভাপতি আশিকুর রহমানের আত্মীয় জহিরুল আলম। এ ছাড়া মধ্য চর কলাকোপা মৎস্যজীবী সমবায় সমিতির সুবিধাভোগী মৎস্যজীবী দলের নৌকাটি ঠিকাদার আবদুর রব মোল্লার নামে নেওয়া হয়। এখন তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী। পশ্চিম জগবন্ধু মৎস্যজীবী সমবায় সমিতির সুবিধাভোগী মৎস্যজীবী দলের নৌকাটি কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবু ছায়েদ নিজের নামে নিয়েছেন।লক্ষ্মীপুর জেলা সমবায় কর্মকর্তা এ কে এম গোলাম সারওয়ার ভূঁইয়া এ বিষয়ে বলেন, ‘সুবিধাভোগী মৎস্যজীবীদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল এবং আছে।’মামলা হচ্ছে, খারিজও হচ্ছে: উপকূলীয় ১৪ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট ও খুলনা জেলার সংশ্লিষ্ট সব সমবায় সমিতির বিরুদ্ধে মামলা হয়েছে অথবা প্রক্রিয়া চলছে। ২০০৩ সালে আদালতে মামলা হয় গলাচিপার আমখোলার মকবুল হোসেন, বড় বাইশদিয়ার অলিউল্লাহ, গোলখালীর হরিদেবপুরের আ. হালিম মিয়া, রতনদী-তালতলীর গোলাম মোস্তফা খান এবং পানপট্টির মো. জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে। এর মধ্যে ‘দেখভালের অভাবে’ আ. হালিম, গোলাম মোস্তফা ও জাহাঙ্গীর হোসেনের মামলা খারিজ হয়ে গেছে। বাকি দুটি মামলা এখনো চলছে।গলাচিপা উপজেলা সমবায় কর্মকর্তা রবীন্দ্রনাথ নন্দী বলেন, ‘এযাবৎ মামলার জন্য সাকুল্যে দুই হাজার টাকা দেওয়া হয়েছে। খরচের টাকা ঠিকমতো বরাদ্দ না দেওয়ায় মামলা চালানো যাচ্ছে না।’সমবায় সমিতিগুলো ঋণখেলাপি হওয়ায় তাদের নির্বাচনও স্থগিত হয়ে আছে। গঠন করা হচ্ছে না নতুন কমিটি। স্থানীয় সমবায় কার্যালয়ের সঙ্গে সমিতিগুলো যোগাযোগও রাখছে না।