জেলের ভেতরে কথা বললেই টর্চার করা হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘অতীতে আমাকে দু-দুবার জেলে নেওয়া হয়েছে। জেলের ভেতর কথা বললেই টর্চার করা হতো। কথা বলতে দিত না। তার পরও আমি ১৯৯১ সালের নির্বাচনে ১২ শতাংশ এবং ১৯৯৬ সালের নির্বাচনে ১৮ শতাংশ ভোট পেয়েছি।’ খবর বাসসের।আজ সোমবার রংপুরের বদরগঞ্জে মোস্তফাপুর চিকলি বিলের কাছে এক জনসভায় এরশাদ এসব কথা বলেন। জাতীয় পার্টির নেতা বলেন, তাঁর দল আগামীতে এককভাবে নির্বাচন করে ক্ষমতায় আসবে। তখন রংপুরের উন্নয়নে অসমাপ্ত কাজ শেষ করা হবে।এরশাদ আরও বলেন, জাতীয় পার্টি আগামী দিনে এককভাবে নির্বাচন করে ক্ষমতায় আসবে। তিনি বলেন, অনেক দুঃখ-কষ্ট সহ্য করেছি। আর কোনো দুঃখ-কষ্ট সহ্য করতে চাই না। এরশাদ উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘এই আসনে আপনারা লাঙল প্রার্থীকে ভোট দিয়ে জাতীয় পার্টির প্রার্থীকে জয়ী করবেন।’রংপুর-২ আসনের জাতীয় পার্টির সাংসদ আনিছুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন জেলা ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মসিউর রহমান রাঙ্গা, জেলা সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদেরী, যুব সংহতির সভাপতি আবদুর রাজ্জাক প্রমুখ। এর আগে এরশাদ বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন।