বহুল আলোচিত হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় দুদকের করা ১১ মামলায় গ্রুপটির চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিনের বিষয়ে ব্যাখ্যা জানাতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হককে ১৮ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানিকালে এ আদেশ দেন। ৭ ফেব্রুয়ারি জেসমিন ইসলামকে ১১ মামলায় জামিন মঞ্জুর করেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক। ওই জামিন স্থগিত চেয়ে ফৌজদারি কার্যবিধিতে ১১ ফেব্রুয়ারি একটি আবেদন করেন জনৈক নাজিম আহমেদ। আবেদনে হল-মার্কের টাকা উদ্ধারের কোনো পদক্ষেপ নেই উল্লেখ করে সাত দিনের মধ্যে সোনালী ব্যাংকের ঋণের অর্থ ফেরতের নির্দেশনার আরজিও রয়েছে।শুনানি নিয়ে ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট হল-মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম যাতে দেশত্যাগ না করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তাঁর জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। বিবাদীদের এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলে ১৮ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করা হয়। এ ছাড়া যেসব মামলায় জেসমিনের জামিন হয়েছে, সেসব মামলার নথিও তলব করেন আদালত। কিন্তু ওই আদেশের অনুলিপি না পৌঁছানোয় আদালত সুপ্রিম কোর্টের শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ডেকে পাঠান। আদালত বলেন, জরুরি ভিত্তিতে আদেশ স্বাক্ষর করার পরও কেন তা পৌঁছেনি? পরে আদালত রাষ্ট্রপক্ষ ও দুদক কৌঁসুলির বক্তব্য শোনেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বলেন, ওই ঘটনায় রাষ্ট্রযন্ত্রকে নাড়া দিয়েছে। একই দিনে ১১ মামলায় জামিন দেওয়া অস্বাভাবিক। অস্বাভাবিক ঘটনার ক্ষেত্রে উচ্চ আদালতে সংশ্লিষ্ট বিচারককে তলব করার নজিরও রয়েছে। এ পর্যায়ে আদালত হলমার্কের চেয়ারম্যানের জামিনের বিষয়ে দুদক কৌঁসুলির বক্তব্য জানতে চান। দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, এজহারে আসামি জেসমিন ইসলামের নাম আছে। এ ক্ষেত্রে জামিন মঞ্জুরের সুযোগ নেই। আদালত ঋণের অর্থ ফেরত দেওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করেন। এর অর্থ হচ্ছে অপরাধ স্বীকার করে নেওয়া। এটা একটা গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলা। এ মামলায় জামিন দেওয়া সমীচীন হয়নি। এক প্রশ্নের জবাবে খুরশীদ আলম খান বলেন, অন্তর্নিহিত ক্ষমতাবলে হাইকোর্ট ব্যাখ্যা চাইতে সংশ্লিষ্ট বিচারককে ব্যক্তিগতভাবে হাজির হতে আদেশ দিতে পারেন। পরে আবেদনকারীর পক্ষে আইনজীবী ইউনূস আলী আকন্দ শুনানি করেন। শুনানি নিয়ে আদালত আদেশ দেন।হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তাঁর স্ত্রী চেয়ারম্যান জেসমিন ইসলামসহ মোট ২৭ জনকে আসামি করে গত ৪ অক্টোবর ১১টি মামলা করে দুদক। আসামিদের মধ্যে হল-মার্কের সাতজন ও সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন। জেসমিন ইসলামের বিরুদ্ধে ১১টি মামলায় ১৫ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে। গত বছরের ১৭ অক্টোবর জেসমিন ইসলামকে গ্রেপ্তার করা হয়। সাইমুম সরোয়ারকে জিজ্ঞাসাবাদ: সোনালী ব্যাংকের পরিচালনা পর্যদের অন্যতম পরিচালক সাইমুম সরোয়ার কমল হল-মার্ক সম্পর্কিত যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদে সব ধরনের আর্থিক লেনদেনের অভিযোগ এবং হল-মার্কের পক্ষে ঋণের বিপরীতে অনুমোদনের বিষয়ে সংশ্লিষ্টতাও অস্বীকার করেছেন তিনি। গতকাল বুধবার প্রায় তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদে স্বেচ্ছাসেবক লীগের নেতা সাইমুম সরোয়ারকে জিজ্ঞাসাবাদ করেন হল-মার্কের তদন্ত কর্মকর্তা প্রধান ও দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদীনের নেতৃত্বে আট সদস্যের তদন্ত দল। দুদকের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সাইমুমকে মূলত হল- মার্কের কাছ থেকে ঘুষ নেওয়া বিষয়ে জেরা করা হয়েছে। তিনি অধিকাংশ প্রশ্নের জবাব দিতে পারেননি। ওইসব প্রশ্নের জবাব দেওয়ার জন্য তাঁকে ১৮ ফেব্রুয়ারি পুনরায় দুদকে হাজির থাকতে বলা হয়েছে।