নিম্ন আদালতের বেঁধে দেওয়া তিন দিনের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম আত্মসমর্পণের দরখাস্ত জমা দিয়েছেন।সকাল ১০টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁর আইনজীবী আবদুর রাজ্জাকের মাধ্যমে তিনি এ দরখাস্ত জমা দেন। তবে জেসমিন এখনো আদালতে হাজির হননি। মহানগর হাকিম জয়নব বেগমের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।হল-মার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় দুদকের করা এই ১১ মামলায় ৭ ফেব্রুয়ারি জেসমিনের জামিন মঞ্জুর করেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক। এ জামিন স্থগিত চেয়ে ফৌজদারি কার্যবিধিতে আবেদন করেন জনৈক নাজিম আহমেদ। শুনানির পর ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট জেসমিন যাতে দেশত্যাগ না করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। একই সঙ্গে তাঁর জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি ১১টি মামলায় জেসমিন ইসলামের জামিন বাতিল করেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক। একই সঙ্গে তাঁকে তিন দিনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়, এ সময়ের মধ্যে হাজির না হলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।জেসমিনের বিরুদ্ধে ১১টি মামলায় ১৫ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।জানা যায়, হল-মার্ক গ্রপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তাঁর স্ত্রী জেসমিন ইসলামসহ মোট ২৭ জনকে আসামি করে গত বছরের ৪ অক্টোবর ১১টি মামলা করে দুদক। আসামিদের মধ্যে হল-মার্কের সাতজন ও সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন।