জেসমিনের জামিনের জবাব চেয়েছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় দুদকের ১১ মামলায় গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিনের ব্যাখ্যা জানাতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হককে ১৮ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক আবেদনের শুনানিকালে এ আদেশ দেন। গত বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) জেসমিন ইসলামকে ১১ মামলায় জামিন মঞ্জুর করেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক। ওই জামিন স্থগিত চেয়ে ফৌজদারি কার্যবিধিতে গত রোববার একটি আবেদন করেন জনৈক নাজিম আহমেদ। আবেদনে হল-মার্কের টাকা উদ্ধারের কোনো পদক্ষেপ নেই উল্লেখ করে সাত দিনের মধ্যে সোনালী ব্যাংকের ঋণের অর্থ ফেরতে নির্দেশনার আরজিও রয়েছে।শুনানি নিয়ে গত সোমবার (১১ ফেব্রুয়ারি) হাইকোর্ট জেসমিন ইসলাম যাতে দেশত্যাগ না করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তাঁর জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। বিবাদীদের এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলে ১৮ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করা হয়। এ ছাড়া যেসব মামলায় জেসমিনের জামিন হয়েছে, সেসব মামলার নথিও তলব করেন আদালত। কিন্তু ওই আদেশের অনুলিপি না পৌঁছানোয় আদালত সুপ্রিম কোর্টের শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ডেকে পাঠান। আদালত বলেন, জরুরি ভিত্তিতে আদেশ স্বাক্ষর করার পরও কেন তা পৌঁছেনি? পরে আদালত রাষ্ট্রপক্ষ ও দুদকের কৌঁসুলির বক্তব্য শোনেন। এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বলেন, ওই ঘটনা রাষ্ট্রযন্ত্রকে নাড়া দিয়েছে। একই দিনে ১১ মামলায় জামিন দেওয়া অস্বাভাবিক। অস্বাভাবিক ঘটনার ক্ষেত্রে উচ্চ আদালতে সংশ্লিষ্ট বিচারককে তলব করার নজিরও রয়েছে। এ পর্যায়ে আদালত হল-মার্কের চেয়ারম্যানের জামিনের বিষয়ে দুদক কৌঁসুলির বক্তব্য জানতে চান। দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, এজাহারে আসামি জেসমিন ইসলামের নাম আছে। এ ক্ষেত্রে জামিন মঞ্জুরের সুযোগ নেই। আদালত ঋণের অর্থ ফেরত দেওয়ার শর্তে তাঁর জামিন মঞ্জুর করেন। এর অর্থ হচ্ছে অপরাধ স্বীকার করে নেওয়া। এটা একটা গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলা। এ মামলায় জামিন দেওয়া সমীচীন হয়নি। এক প্রশ্নের জবাবে খুরশীদ আলম খান বলেন, অন্তর্নিহিত ক্ষমতাবলে হাইকোর্ট ব্যাখ্যা চাইতে সংশ্লিষ্ট বিচারককে ব্যক্তিগতভাবে হাজির হতে আদেশ দিতে পারেন। পরে আবেদনকারীর পক্ষে আইনজীবী ইউনূস আলী আকন্দ শুনানি করেন। শুনানি নিয়ে আদালত আদেশ দেন। জানা যায়, হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তাঁর স্ত্রী জেসমিন ইসলামসহ মোট ২৭ জনকে আসামি করে গত বছরের ৪ অক্টোবর ১১টি মামলা করে দুদক। আসামিদের মধ্যে হল-মার্কের সাতজন ও সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন। জেসমিন ইসলামের বিরুদ্ধে ১১টি মামলায় ১৫ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। কয়েকটি মামলায় তানভীর মাহমুদ, তুষার আহমেদ ও সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম এ কে এম আজিজুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।