জেসমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদের স্ত্রী ও ওই গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানকারী দল তাঁকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।অনুসন্ধানকারী দলের প্রধান জয়নুল আবেদীন শিবলী বলেন, হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুদক জেসমিন ইসলামের বিরুদ্ধে ১১টি মামলা করেছে। সাতটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে ১০ নম্বর মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে। এই মামলার অভিযোগে বলা হয়, হলমার্কের চেয়ারম্যান একটি প্রতিষ্ঠানের জন্য ভুয়া এসডির মাধ্যমে ২৭৪ কোটি টাকা সোনালী ব্যাংক থেকে ঋণ নেন। পরে হলমার্কের এক কর্মচারীর নামে অ্যাকাউন্ট খোলেন। সেখান থেকে ২০৮ কোটি টাকা আত্মসাত্ করেন। পরে দেখা যায় ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই। এর আগে জেসমিন ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। আজ দুপুর ১২টা ৪০ মিনিটে র্যাবের একটি গাড়িতে করে তাঁকে সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে নেওয়া হয়। র্যাবের দাবি, র্যাব ও দুদকের যৌথ অভিযানে গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মানিকগঞ্জ সার্কিট হাউসের পেছনের একটি বাড়ি থেকে জেসমিনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাড়িটি তাঁর এক আত্মীয়ের। ১০ অক্টোবর তিনি মিরপুর থেকে ওই বাড়িতে ওঠেন।দুদকের অনুসন্ধান দলের প্রধান জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের দল আজ জেসমিন ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন। সেখানে র্যাবের নারী সদস্য ছিলেন।