জৈন্তাপুর সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি ৩ কৃষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্তের মিনাটিলায় আজ রোববার দুপুরে ভারতীয় খাসিয়াদের গুলিতে তিন বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। খাসিয়াদের ছোড়া তীর-ধনুকের আঘাতে আরও সাতজন আহত হয়েছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।গুলিবিদ্ধ কৃষকেরা হলেন মিনাটিলা গ্রামের দেলওয়ার হোসেন, মো. কায়েস ও আবদুল মান্নান। তাঁদের স্থানীয় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দিয়ে বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় উত্তেজিত গ্রামবাসী শ্রীপুর বিওপি ক্যাম্পের সামনে সিলেট-তামাবিল সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় তাঁরা বিডিআরের নীরব ভূমিকার সমালোচনা করে শ্লোগান দেয়।বিডিআর সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে ভারতীয় খাসিয়ারা জৈন্তাপুর উপজেলার মিনাটিলা ও কাঠালবাড়ী এলাকায় বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে ঢুকে জমিতে চাষ শুরু করে। এ সময় বাংলাদেশি নাগরিকেরা তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।পরে বিডিআরের সদস্যরা বাংলাদেশি কৃষকদের সেখান থেকে সরিয়ে নিয়ে আসেন এবং খাসিয়ারা চলে যায়। বেলা পৌনে দুইটার দিকে আবারও খাসিয়ারা চাষ করতে আসে। এবারও বাংলাদেশিরা খাসিয়াদের বাধা দিলে ওপার থেকে বাংলাদেশিদের ওপর গুলি চালানো হয় এবং তীর-ধনুক নিক্ষেপ করা হয়। এ ঘটনায় ওই তিন বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছেন।২১ রাইফেল ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর কোহিনুর আলম তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তীর-ধনুকের আঘাতে আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।