জৈন্তাপুরে বিএসএফের গুলিতে ৮ বাংলাদেশি আহত
সিলেটের জৈন্তাপুর সীমান্তের ডিবির হাওর এলাকায় ভারতীয় খাসিয়াদের অনুপ্রবেশ করার ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্তের পরিস্থিতি। আজ রোববার দুপুরে ভারতীয় খাসিয়াদের সঙ্গে বাংলাদেশিদের পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে বেলা আড়াইটায় বিএসএফের গুলিতে আটজন বাংলাদেশি গুলিবিদ্ধ হন।২১ রাইফেলস ব্যাটালিয়ন সূত্র জানায়, বিরোধপূর্ণ জমিতে ভারতীয় খাসিয়ারা বিএসএফের সহায়তায় দুপুর ১২টায় ডিবির হাওরে নামলে বিডিআর বাধা দেয়। তখন বাংলাদেশিরা প্রতিবাদমুখর হওয়ায় পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় পাথরের আঘাতে সোলেমান মিয়া নামের এক মুক্তিযোদ্ধা আহত হন।এ ঘটনার জের ধরে বেলা আড়াইটায় বিএসএফের সহায়তায় শতাধিক খাসিয়া ডিবির হাওরে মাছ ধরতে নামে। এ সময় বিডিআর ও বাংলাদেশিরা বাধা দিলে বিএসএফ এলোপাতাড়িভাবে গুলি ছোড়ে। বিএসএফের গুলিতে আটজন বাংলাদেশি আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিডিআর।বিডিআর সিলেট সেক্টরের উপ-অধিনায়ক মেজর কোহিনূর আলম জানান, আহত ব্যক্তিদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।