খুলনা নগরের লবণচরা এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে আনুমানিক ২০ মেট্রিক টন ভেজাল জৈব সার জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন। ভেজাল সার তৈরির দায়ে ওই কারখানার মালিককে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, লবণচরা এলাকার রিয়াদ ট্রেডিং অ্যান্ড বোন মিলে মুরগির বিষ্ঠার সঙ্গে ঝিনুকের গুঁড়া, নিম্নমানের চুন (ডলোমাইড) ও ভেজাল উপাদান হিসেবে বালু মিশিয়ে জৈব সার তৈরি করা হচ্ছে দীর্ঘদিন ধরে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সহায়তায় খুলনা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মুশফিকুর রহমানের ভ্রাম্যমাণ আদালত গতকাল ওই কারখানায় অভিযান চালিয়ে স্বত্বাধিকারী জালাল হোসেনের কাছ থেকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। জব্দ করা সার পরে নষ্ট করা হয়।গতকাল বিকেলে ওই কারখানায় গিয়ে দেখা যায়, কারখানা চত্বরে উন্মুক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে ওই ভেজাল সার। সিটি করপোরেশনের মালামাল-পরিবাহী ট্রাকে ওই সার বোঝাই করছেন কয়েকজন শ্রমিক। কারখানার কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মুরগির বিষ্ঠা, নিম্নমানের চুন ও ঝিনুকের গুঁড়া এবং বালু পর্যায়ক্রমে মিশিয়ে এই সার তৈরি করা হয়। কারখানার কর্মী সোহরাব হোসেন বলেন, আট বছর ধরে তিনি এই কারখানায় কাজ করেন। কিন্তু সার তৈরির কাজ আগে কখনো করেননি। তাঁদের তৈরি সারে জৈব সারের সব উপাদান ঠিকই আছে। একমাত্র ভেজাল উপাদান হিসেবে বালু মেশানো হচ্ছে। এখানে ১৬ মেট্রিক টনের বেশি সার আছে। স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই কারখানায় এক বছর ধরে তৈরি হচ্ছে ভেজাল জৈব সার। এই সার ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়। এ ছাড়া এটি ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়।রিয়াদ ট্রেডিং অ্যান্ড বোন মিলের স্বত্বাধিকারী জালাল হোসেন প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘মোরলগঞ্জ এলাকায় আমাদের মাছের ঘেরের জন্য এই সার তৈরি করছিলাম। মুরগির বিষ্ঠা, ঝিনুকের গুঁড়া, ডলোমাইডের সঙ্গে কিছু বালু মিশিয়ে এই সার তৈরি করছিলাম। কারণ, আমাদের এলাকায় এঁটেল মাটিতে কিছু বালু মেশানো হলে উর্বরতা বাড়ে। এই সার আমরা বাইরে কোথাও বিক্রি করি না, শুধু নিজেরাই ব্যবহার করি। প্রতিবছর ১০-১২ টন করে তৈরি করে থাকি। আমাকে ফাঁসানোর জন্য কেউ এ অভিযোগ করেছে।’ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম মুশফিকুর রহমান বলেন, অনুমোদন ছাড়া জৈব সার তৈরি ও বালু মিশ্রণের দায়ে ওই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।র্যাব ৬-এর সহকারী পরিচালক ম. রিজাউল করিম বলেন, জব্দ করা সার সিটি করপোরেশনের আবর্জনা ফেলার স্থানে নিয়ে ফেলে দেওয়া হয়েছে।