জোকার পরিচয় দেওয়া আরেকজন গ্রেপ্তার
নিজেকে ‘জোকার’ (জনপ্রিয় ব্যাটম্যান সিরিজের একটি চরিত্র) পরিচয় দেওয়া এক ব্যক্তিকে বিপুলসংখ্যক গুলি ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে।জোকার পরিচয়ধারী ওই ব্যক্তির নাম নিল প্রেসকট। গত সপ্তাহে কয়েকবার নিজ কর্মস্থলের সহকর্মীদের গুলি করে হত্যার হুমকি দেন তিনি। এর পরিপ্রেক্ষিতে গতকাল মেরিল্যান্ডের ক্রফটন এলাকায় নিজ বাসভবন থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।খবরে বলা হয়, ২৮ বছর বয়সী প্রেসকট তাঁর সহকর্মীদের বলেছিলেন, ‘আমি বন্দুকে গুলি ভরছি। সবাইকে উড়িয়ে দেব।’ এই হুমকির অভিযোগে প্রেসকটের বাড়িতে তল্লাশি চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় তাঁর বাসা থেকে কয়েক হাজার গুলি ও প্রায় দুই ডজন আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় প্রেসকটকে। এ ঘটনায় তাঁকে কর্মক্ষেত্র থেকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।পুলিশ জানায়, গত সপ্তাহে বেশ কয়েকবার সহকর্মীদের হুমকি দেন প্রেসকট। এমনকি তাঁর কর্মস্থলের তারবার্তা কক্ষের এক সহকর্মীকে এই বলে হুমকি দেন, তাঁর মস্তিষ্ক মেঝেতে ছড়ানো অবস্থায় দেখতে চান তিনি। প্রেসকট মানসিক চিকিত্সা নিচ্ছিলেন বলেও জানা গেছে।মেরিল্যান্ডের প্রিন্স জর্জেস কাউন্টির পুলিশপ্রধান মার্ক ম্যাগাও সাংবাদিকদের বলেন, ২০ জুলাই কলোরাডো অঙ্গরাজ্যে ব্যাটম্যান সিরিজের চলচ্চিত্রটির প্রদর্শনীর সময় বন্দুকধারীর হামলার ঘটনার পর যেকোনো হুমকিকেই গুরুত্বসহকারে দেখছেন তাঁরা। কলোরাডোর ওই হামলাকারীও নিজেকে জোকার পরিচয় দিয়েছিলেন বলে জানান তিনি।