জোট ছাড়ার কথা সরাসরি বললেন না কাদের
বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেছেন, কাউকে ক্ষমতায় বসাতে নয়, জাতীয় পার্টি রাজনীতি করে দেশ ও জনগণের কল্যাণে। এককভাবে নির্বাচনে গেলে যদি জনগণের ভালো হয়, তাহলে আগামী নির্বাচনে জাতীয় পার্টি তা-ই করবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নিয়মিত আয়োজন ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আজ মঙ্গলবার জি এম কাদের এসব কথা বলেছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন। সঞ্চালক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান।জাতীয় পার্টি ভবিষ্যতে মহাজোটে থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, মহাজোটে যোগ দেওয়ার ব্যাপারে নিজেদের আলাদা একটা নির্বাচনী ইশতেহার ছিল, যার অনেকগুলোই বাস্তবায়িত হয়নি। এ জন্য মহাজোট থেকে বেরিয়ে আসা উচিত বলে মনে করছেন দলের নেতা-কর্মীরা। বাণিজ্যমন্ত্রী বলেন, বিষয়টি আমরা যাচাই-বাছাই করে দেখছি। তবে এটি চূড়ান্ত করবেন দলের নীতিনির্ধারকেরা।আগামী রমজান মাসে দ্রব্যমূল্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, রমজানে যাতে ক্রেতাদের ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করা যায়, সে জন্য সরকারি মজুদ বৃদ্ধি করা হচ্ছে। প্রয়োজনে সরকার ভর্তুকিমূল্যে পণ্য সরবরাহ করবে।