হরতালের সময় সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ২৫ নেতার আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।আজ সোমবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের নেতৃত্বে একক বেঞ্চ পুলিশ প্রতিবেদন দাখিল করা না পর্যন্ত জামিন মঞ্জুর করার এ আদেশ দেন।এর আগে এ মামলায় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দিয়েছিলেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত জামিন প্রার্থীদের জামিন মঞ্জুর করেন ও রুল জারি করেন। অপর বিচারপতি এসব নেতাকে এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে এ সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার বা হয়রানি না করতে বলেন।জ্যেষ্ঠ বিচারপতির আদেশের সঙ্গে একমত পোষণ করে বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক জামিন আবেদন নিষ্পত্তি করে আজ আদেশ দেন।শাহবাগ থানায় করা মামলায় বিরোধী দলের নেতাদের জামিনের বিষয়ে গতকালই শুনানি হয়। তবে শুনানি শেষ না হওয়ায় আজ সকালে দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে ১১টা ৪০ মিনিটে এ আদেশ দেন হাইকোর্ট।আদালতে জামিন প্রার্থীদের পক্ষে ছিলেন মওদুদ আহমদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।জামিন শুনানিতে অংশ নিতে আজ সকাল সাড়ে ১০টার আগেই বিএনপির নেতারা এজলাস কক্ষে জড়ো হতে থাকেন। শুনানিকালে আদালতে মির্জা ফখরুল, মোশাররফ হোসেন, সাদেক হোসেন খোকা, গয়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।শুনানিতে অংশ নিয়ে মওদুদ আহমদ এফআইআর তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা মনে করি, সুবিচার ও আইনের শাসন আমাদের জন্য নেই।... বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায়। বিরোধী দল না থাকলে গণতন্ত্র থাকবে?’ শুনানিতে মওদুদ আহমদ আরও বলেন, ‘দুইজন অজ্ঞাতনামা লোক ককটেল নিক্ষেপ করেছেন বলা হয়েছে।’ উপস্থিত নেতাদের দেখিয়ে তিনি বলেন, ‘ওনারা কি ককটেল নিক্ষেপ করতে পারেন? মূল অভিযুক্ত এখানে নেই। সহযোগিতার বিষয়ে মামলা করা হয়েছে। এ ধরনের মামলা কোনো স্বাধীন বিচার বিভাগ গ্রহণ করতে পারে না। নেতাদের বিরুদ্ধে মামলার পর তাদের রিমান্ডে নেওয়া হচ্ছে।’পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়ার পর্যন্ত জামিনের আরজি জানান মওদুদ আহমদ। এ সময় আদালত বলেন, কতজন আবেদনকারী? মওদুদ বলেন, তিনটি আবেদনে ২৫ আবেদনকারী রয়েছেন। ২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে তিনজন কারাগারে রয়েছেন। এ পর্যায়ে রাষ্ট্রপক্ষের এ কে রহমান শুনানিতে অংশ নিয়ে বলেন, ‘তদন্তে মূল অভিযুক্ত চলে আসবে। এদের কেউ বাদও পড়তে পারেন। কেউ যুক্তও হতে পারেন।’ এরপর আদালত আদেশ দেন। গত ২৯ এপ্রিল হরতালের দিন বিকেলে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর ঘটনায় তেজগাঁও থানায় পুলিশ দুটি মামলা করেছে। মামলায় বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের আসামি করা হয়। তাঁরা আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করলে ৭ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেন। বিভক্ত আদেশের পর বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন ১০ মে বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হককে দায়িত্ব দেন। ওই দিনই গাড়ি পোড়ানোর মামলায় ১৮ দলীয় জোটের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গতকাল বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের একক বেঞ্চ গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদের ১৬ মের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেন।