জোট নেতাদের জামিনের শুনানি এক দিনের জন্য মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোট নেতাদের জামিন প্রশ্নে রুল শুনানি মুলতবি করা হয়েছে। কাল বৃহস্পতিবার বেলা দুইটায় শুনানির পরবর্তী সময় নির্ধারণ করেছেন আদালত।আজ বুধবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ শুনানির এই সময় ধার্য করেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, জোট নেতাদের জামিন প্রশ্নে রুল শুনানি এক দিনের জন্য মুলতবি করা হয়েছে।এর আগে ২৭ মে বিরোধী দলের পাঁচ সাংসদের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতার জামিন প্রশ্নে রুল জারি করেন। এক সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়।গত ২৯ এপ্রিল হরতাল শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর অভিযোগে তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। মামলার ১১ দিনের মাথায় ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর ১৬ মে মহানগর হাকিমের আদালতে ৩৩ নেতা হাজির হন। ওই দিন তাঁদের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। পরে মহানগর দায়রা জজ আদালতও জামিন আবেদন খারিজ করে দিলে তাঁরা হাইকোর্টে আবেদন করেন।