জোট সরকার পরিচালনায় সমঝোতা করতে হয়: মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, যৌথ সংসদীয় কমিটিসহ অন্য যেকোনো কমিটির সামনে তিনি হাজির হতে প্রস্তুত রয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার নয়াদিল্লিতে টিভি চ্যানেলের সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের সময় মনমোহন স্বীকার করেছেন যে ভারতে দ্বিতীয় প্রজন্মের (টুজি) টেলিকম সেবার লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী দুর্নীতি ও কেলেঙ্কারির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘আমি দেশবাসীকে নিশ্চিত করতে চাই যে আমাদের সরকার দুর্নীতিবাজ-অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। টুজি স্পেকট্রামসহ সব কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিরা যতই শক্তিশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’মনমোহন বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের আস্থার সংকট তৈরি হয়, এমন কিছু করা আমাদের উচিত হবে না।’ দুর্নীতি উন্মোচনের ঘটনায় তিনি গণমাধ্যমের ভূমিকার জোরালো প্রশংসা করেন । মনমোহন জানান, সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তিনি কখনো পদত্যাগের কথা ভাবেননি। আর দায়িত্বের মাঝপথে চলে যাওয়ার বিষয়টিও মাথায় নেই। বহুল আলোচিত টুজি স্পেকট্রাম কেলেঙ্কারি সম্পর্কে মনমোহন জানান, তিনি সাবেক টেলিযোগাযোগমন্ত্রী এ রাজাকে বিষয়টিতে পূর্ণ ক্ষমতা দিয়েছিলেন। কিন্তু টেলিকম ও অর্থ মন্ত্রণালয় প্রচলিত ‘আগে এলে আগে পাবে’ ভিত্তিতে সম্মত হলে তিনি এতে কোনো হস্তক্ষেপ করেননি। মনমোহন বলেন, এ রাজাকে ডিএমকে দলের পছন্দে মন্ত্রিত্ব দেওয়া হয়। জোট রাজনীতিতে দলই নেতা নির্বাচন করে। সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাঁর নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে কি না—এক সম্পাদকের এমন এক প্রশ্নের জবাবে মনমোহন বলেন, ‘জোট রাজনীতির সীমাবদ্ধতা এড়ানো যায় না এবং জোট সরকার পরিচালনা করতে গিয়ে কিছু সমঝোতাও মেনে নিতে হয়।’বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সম্প্রতি অভিযোগ করেছে, মনমোহন দুর্নীতি ও কেলেঙ্কারির মূল হোতা। ২০০৭ সালে ভারতে কয়েকটি টেলিকম কোম্পানিকে দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স দেওয়া হয়। ওই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে রাষ্ট্রের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। এ-সংক্রান্ত দুর্নীতির অভিযোগে ভারতের তত্কালীন টেলিকমমন্ত্রী এ রাজা পদত্যাগে বাধ্য হন। পরে রাজসহ আরও কয়েকজনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়।