জোট সরকার রাজনীতিতে আমূল সংস্কার আনবে: ক্যামেরন
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, এই কোয়ালিশন সরকার যুক্তরাজ্যের রাজনীতিতে একটা ঐতিহাসিক এবং আমূল সংস্কার আনবে। খবর বিবিসি।আজ বুধবার ডাউনিং স্ট্রিটের বাগানে তাঁর নতুন উপপ্রধানমন্ত্রী লিবারেল ডেমোক্রেটিক দলের নেতা নিক ক্লেগকে সঙ্গে নিয়ে এ কথা বলেন।ক্যামেরন বলেন, শক্তিশালী এবং দৃঢ় নেতৃত্বের কারণে তাঁরা ঐক্যবদ্ধ থাকবেন। লিবারেল ডেমোক্র্যাট থেকে পাঁচজনসহ মন্ত্রিসভায় খুব তাড়াতাড়ি মন্ত্রীদের নিয়োগ দেওয়া হবে।নিক ক্লেগ বলেছেন, যদিও একটা বড় ধরনের ঝুঁকি আছে, কিন্তু এটা একটা সাহসী এবং সংস্কারমূলক সরকার, যা যুক্তরাজ্যে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহায়ক হবে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোয়ালিশন সরকার গঠিত হলো এবং এই প্রথম ওয়েস্টমিনিস্টারে রক্ষণশীল ও লিবারেল ডেমোক্রেটিক দল ক্ষমতা ভাগাভাগি করল।গত সপ্তাহে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বেশির ভাগ আসনে জয়লাভ করে রক্ষণশীল দল, তা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ক্ষেত্রে যথেষ্ট ছিল না। তাই একটি ঝুলন্ত পার্লামেন্টের অবস্থার সৃষ্টি হয় এবং প্রয়োজন হয়ে পড়ে জোট সরকারের।