সংসদের স্থায়ী কমিটির সভা
জোট সরকারের আমলে বিদ্যুতে সিস্টেম লস, দায়ীদের শাস্তির সুপারিশ
জোট সরকারের আমলে ২০০৪-০৫ অর্থবছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ২৬টি এবং সাবেক ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা-বর্তমান ডিপিডিসি) ১১টি কার্যালয়ের সিস্টেম লস স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল। ইচ্ছাকৃতভাবে সিস্টেম লস বাড়িয়ে প্রতিষ্ঠান দুটি তথা সরকারের চরম আর্থিক ক্ষতি করা হয়েছে। যারা ওই কাজের সঙ্গে জড়িত তাদের শাস্তির সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি।আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় ২০০৪-০৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন আলোচনা করতে গিয়ে এ বিষয়ে তীব্র আপত্তি জানানো হয়। কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর সভায় সভাপতিত্ব করেন।এ ছাড়া ২০০৪-০৫ অর্থবছরে উন্নয়ন ও রাজস্ব ভান্ডারের মালামাল ঘাটতি থাকায় ও সংযোগ বিচ্ছিন্ন গ্রাহকদের কাছ থেকে বকেয়া আদায় না করায়ও প্রচুর অর্থিক ক্ষতি হয়েছে বলে কমিটি প্রমাণ পেয়েছে। সভায় বলা হয়, বিদ্যুতের স্বাভাবিক সিস্টেম লস প্রায় ২০ শতাংশের নিচে। কিন্তু ওই সময়ে ছিল ৩০ শতাংশের ওপরে। নারিন্দা, ফতুল্লা, কামরাঙ্গীরচর, জুরাইন, লালবাগ ও কাজলার ছয়টি কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সিস্টেম লস বাড়িয়ে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি করেছেন। এ কারণে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে আগামী এক মাসের মধ্যে বিষয়টি কমিটিকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়। নারায়ণগঞ্জ (পূর্ব) ও আজিমপুর কার্যালয় এলাকায় ডেসার সংযোগ বিচ্ছিন্ন গ্রাহকদের কাছে তিন শতাংশ বিদ্যুৎ বিল নেওয়া হয়নি। সভায় অবিলম্বে টাকা আদায় করে বিষয়টির নিষ্পত্তি করার সুপারিশ করা হয়। ডেসার উন্নয়ন ও রাজস্ব ভান্ডারের মালামাল ঘাটতিজনিত ক্ষতির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা এবং জরিমানা আদায় করে এক মাসের মধ্যে বিষয়টি কমিটিকে অবহিত করারও সুপারিশ করা হয়।এ ছাড়াও পিডিবির ১২টি কার্যালয়ের অধীন এলাকায় ওই সময়ে বিলখেলাপিদের সংযোগ বিচ্ছিন্ন করা হলেও বকেয়া আদায়ের কোনো কার্যক্রম হাতে না নেওয়ায় প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। তাই দায়ী ব্যক্তিদের কাছ থেকে অনাদায়ী টাকা আদায়ের ব্যবস্থা নিয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পিডিআর অ্যাক্ট-১৯১৩ অনুযায়ী ফৌজদারি মামলা দায়ের এবং এক মাসের মধ্যে বিষয়টি কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়।পিডিবির পাঁচটি কার্যালয়ের নিখোঁজ গ্রাহকদের কাছ থেকে সারচার্জসহ বিল আদায় না করায় প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হয়েছে। এদের কাছ থেকেও বকেয়া আদায় করে এক মাসের মধ্যে কমিটিকে জানাতে বলা হয়। কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, জাতীয় সংসদের চিফ হুইপ মো. আবদুস শহীদ, খান টিপু সুলতান, মেজর জেনারেল (অব) আবদুস সালাম এবং নারায়ণ চন্দ্র চন্দ সভায় অংশ নেন।