জোট সরকারের দুর্নীতির কারণে এক-এগারো এসেছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক-এগারোর পরিবর্তনের জন্য চারদলীয় জোট সরকার দায়ী। তাদের দুর্নীতি, লুটপাট ও ভোট চুরির পরিকল্পনার কারণেই এক-এগারো এসেছে। প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার বিকেলে বরগুনা সার্কিট হাউস মাঠে ‘ন্যাশনাল সার্ভিস কার্যক্রম’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশাল সমাবেশে বক্তৃতাকালে এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে আধুনিক, ডিজিটাল ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে মানুষের মুখে হাসি ফোটানোই সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে বেকারদের কাজের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে। এ জন্য কর্মসংস্থান ব্যাংক থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বিনা সুদে ঋণের ব্যবস্থা করা হবে।প্রধানমন্ত্রী বলেন, বিগত জোট সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন একটুও বাড়েনি। বরং আগের আওয়ামী লীগ সরকার যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করেছিল, তাও জোট আমলে কমে গিয়েছিল। বিদ্যুৎ খাতে দুর্নীতি, লুটপাট ছাড়া তারা কিছুই উপহার দিতে পারেনি। প্রধানমন্ত্রী চারদলীয় জোটের নেত্রী খালেদা জিয়াকে ইঙ্গিত করে বলেন, ‘আপনি ভাঙা স্যুটকেসের মালিক ছিলেন। কিন্তু আপনি আর আপনার সুযোগ্য ছেলে দুর্নীতি না করলে এত অর্থ কোথায় পেলেন, বাংলার মানুষের কাছে তার জবাব দিতে হবে।’শেখ হাসিনা বক্তৃতার শুরুতেই ঘূর্ণিঝড় সিডর ও আইলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘এখনো অনেক মানুষ গৃহহীন। আমরা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এসব মানুষকে পুনর্বাসন করব, কোনো মানুষকে গৃহহীন থাকতে দেব না। উপকূলীয় এলাকায় পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে।’শেখ হাসিনা স্থানীয় দাবি-দাওয়া সম্পর্কে বলেন, বরগুনা দেশের সবচেয়ে অবহেলিত জেলা। গত সরকারের আমলে এখানে যে উন্নয়ন হয়েছিল, এরপর আর কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তিনি বলেন, ‘বরগুনার সব উন্নয়নের দায়িত্ব আজ থেকে আমার কাঁধে তুলে নিলাম।’ তিনি বরগুনা জেনারেল হাসপাতালকে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা, বরগুনা-বরিশাল রাস্তার উন্নয়ন, তালতলীকে উপজেলা করা, পায়রা ও লেবুখালী নদীতে সেতু নির্মাণ, বিসিক শিল্পনগরী স্থাপন করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ও বিষখালী, পায়রা ও খাকদোন নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন আবুল হাসানাত আবদুল্লাহ, প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, জাহাঙ্গীর কবির নানক ও শাহজাহান মিয়া, সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু জাহিদ হোসেন, ইউসুফ হোসেন হুমায়ুন, বাহাউদ্দিন নাছিম প্রমুখ।প্রধানমন্ত্রী বক্তৃতা শুরুর আগে সাতজন বেকার যুবক ও যুবমহিলার হাতে ন্যাশনাল সার্ভিসের নিয়োগপত্র তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। জনসভা শুরুর একপর্যায়ে স্থানীয় আদিবাসী রাখাইন সম্প্রদায়ের তরুণীরা নৃত্য প্রদর্শন করেন।প্রধানমন্ত্রী গতকাল দুপুর ১২টায় বরগুনায় পৌঁছান। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর দমকা বাতাসের কারণে জনসভা শুরু হতে কিছুটা বিলম্ব হয়। প্রধানমন্ত্রী বরগুনা পৌঁছে বরিশাল বিভাগীয় ও বরগুনা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি বরগুনা জেলার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। প্রসঙ্গত, কুড়িগ্রামের পর বরগুনায় ন্যাশনাল সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করা হলো। জেলায় এই কার্যক্রমের আওতায় ১৩ হাজার ৯৪ জন বেকার যুবক-যুবতীকে তিন দফায় দুই বছরের জন্য চাকরিতে নিয়োগ দেওয়া হবে।