জোট সরকারের সময়ই বিশ্বব্যাংক ঋণ বন্ধ করেছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকার সময়ই বিশ্বব্যাংক ঋণ বন্ধ করে দিয়েছিল। ২০০৫ সালে যোগাযোগ এবং বিদ্যুত্ ও জ্বালানি খাতে দুর্নীতির জন্য বিশ্বব্যাংকের ঋণ বন্ধ হয়। তাদের সেই দুর্নীতির বদনাম এখনো দেশবাসীকে বয়ে বেড়াতে হচ্ছে। আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী যুবলীগের ষষ্ঠ কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে জাতীয় পতাকা, বেলুন ও পায়রা উড়িয়ে কংগ্রেসের উদ্বোধন করেন তিনি। বর্ণিল আয়োজনে সম্মেলন কেন্দ্রের বাইরে অনুষ্ঠিত হয় দুই পর্বের কংগ্রেস অনুষ্ঠান। সারা দেশ থেকে আসা কাউন্সিলর ও ডেলিগেট ছাড়াও দেশের বাইরে থেকে বিপুল সংখ্যক প্রতিনিধি অংশ নেন কংগ্রেসে। বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন মানুষের জীবনে শান্তি ও স্বস্তি ফিরে আসে। তবে দেশের মানুষ শান্তিতে থাকলে একজন থাকেন অশান্তিতে। তিনি কে তা দেশের মানুষ জানে।প্রধানমন্ত্রী আরও বলেন, অশান্তির আগুনে দেশকে পুড়িয়ে ছারখার করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। যুদ্ধাপরাধীদের বিচার হোক এটা তারা চায় না। এ জন্য নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি বলেন, অনেক কষ্টে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি। বারবার গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। ভবিষ্যতে আর কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, স্বাধীনতার ইতিহাস বিকৃত করতে না পারে, নতুন করে খেলায় মাততে না পারে, সে জন্য প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রামগঞ্জে যুবলীগের নেতা-কর্মীদের অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের কল্যাণে কাজ করেছে। দেশের মানুষ যা পেয়েছে, তা আওয়ামী লীগের সংগ্রামের ফসল হিসেবে পেয়েছে। আওয়ামী লীগকে জনগণ যখনই ভোট দিয়েছে, আওয়ামী জনগণকে বিমুখ করেনি। আওয়ামী লীগ সরকারে থাকলেও জনগণের জন্য কাজ করে বিরোধী দলে থাকলে জনগণের জন্য কাজ করে। তিনি বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে বলেন, এরা যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় থাকা মানে বাংলাদেশ সন্ত্রাস জঙ্গিবাদের দেশ হবে। মানুষের পেটে ভাত থাকবে না। দেশের একজন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করে, তার ছেলেরা দেশের অর্থ বিদেশে পাচার করে, অর্থমন্ত্রী কালো টাকা সাদা করে। তাদের কাছ থেকে দেশের মানুষ কী আশা করবে।প্রধানমন্ত্রী যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। নিজে কী পেলাম, কী পেলাম না, তা না ভেবে মানুষকে কী দিতে পারলাম, সে চিন্তা করতে হবে। এ জন্য বঙ্গবন্ধুর আদর্শ ও ত্যাগকে অনুসরণ করতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় আমির হোসেন আমু, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শেখ ফজলুল করিম সেলিম বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা যুবলীগে হবে না। বঙ্গবন্ধুর আদর্শের যুবলীগ করতে হবে। সৈয়দ আশরাফুল ইসলাম ১৯৭২ সালের ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন অর্থাত্ প্রথম কংগ্রেসে কেন্দ্রীয় ছাত্রলীগের শুভেচ্ছা প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার স্মৃতিচারণা করেন। ৩৯ বছর পর আজ যুবলীগের ষষ্ঠ কংগ্রেসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি দলের পক্ষ থেকে কংগ্রেসকে শুভেচ্ছা জানান। যুবলীগের বিদায়ী চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে আরও বক্তব্য দেন জাহাঙ্গীর কবির নানক ও বিদায়ী সাধারণ সম্পাদক মির্জা আজম।