জোটবদ্ধ আন্দোলনের আহ্বান বিজেপি ও ঐক্যজোট নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের দুই শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোটের নেতারা গতকাল বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে জোটবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছেন। সমমনা দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে গতকাল রাতে বিজেপি ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে বিএনপি এ বৈঠক করে।বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত দুটি বৈঠকেই বিএনপির পক্ষে নেতৃত্ব দেন খালেদা জিয়া। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের এই দুই শরিকের সঙ্গে প্রায় দেড় বছর পর আনুষ্ঠানিক বৈঠক হলো। বৈঠকে ভারতের সঙ্গে বর্তমান সরকারের সাম্প্রতিক চুক্তির বিরুদ্ধে করণীয় নিয়ে দল দুটির সঙ্গে আলোচনা হয়েছে। এ ছাড়া বিএনপির ঘোষিত কর্মসূচি, নির্বাচন ও চারদলীয় জোট বিষয়েও আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। শরিক দুটি দলই চারদলীয় জোটকে শক্তিশালী ও সক্রিয় করতে এবং আগামী দিনে জোটবদ্ধভাবে আন্দোলন কর্মসূচি পালনের জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানায়। বৈঠকে উপস্থিত দুই দলের নেতারাই জানান, বর্তমান সরকারের জনকল্যাণবিরোধী নানা কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির ঘোষিত কর্মসূচিকে তাঁরা সমর্থন দিয়েছেন।বৈঠক শেষে বিএনপির এক নেতা প্রথম আলোকে বলেন, ২৭ জুন হরতাল সফল করতে বিএনপির চেয়ারপারসন বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন। এই বৈঠকের সঙ্গে চারদলীয় জোটের কোনো সম্পর্ক নেই। আগামী শনিবার এনপিপি ও খেলাফত মজলিস, ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে খালেদা জিয়ার আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে বিজেপির সভাপতি আন্দালিব রহমান বলেন, চারদলীয় জোট সক্রিয় না থাকলেও বিভিন্ন সময়ে জোটের শরিকদের সঙ্গে আলোচনা হয়েছে। নিয়মিত কথাও হয়। তিনি জানান, ‘আমার নেতৃত্বে বিজেপির নয় সদস্যের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।’ বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে আন্দালিব রহমান সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা সম্পর্কে বিরোধীদলীয় নেতার সঙ্গে কথা হয়েছে। বিএনপি ঘোষিত কর্মসূচিকে বিজেপি সময়ের দাবি বলে মনে করে। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনী সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা, চারদলীয় জোটকে সক্রিয় করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ৯ জুন ঢাকায় বিএনপি ঘোষিত কর্মসূচিতে ঐক্যজোট অংশ নেবে।বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়: বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গতকাল গুলশান কার্যালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ম করেন খালেদা জিয়া। তিনি ধর্মবর্ণ-নির্বিশেষে সবাইকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান। খালেদা জিয়া অভিযোগ করেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। কিন্তু বিএনপির এসব শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ ও পুলিশ বাধা সৃষ্টি করছে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।