জোটের আকার বাড়াতে চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারবিরোধী ‘বৃহত্তর ঐক্য’ গড়ে তুলতে চারদলীয় জোট সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বিএনপি। তবে যেসব দল নিয়ে জোট সম্প্রসারণের কথা ভাবা হচ্ছে, তাতে আদৌ কোনো ফল হবে কি না, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে দলটি।গত জুন-জুলাই থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এমন বেশ কয়েকটি দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন। গতকালও তিনি এমন আটটি দলের আমন্ত্রণে তাদের ইফতারে অংশ নিয়েছেন। তবে এই দলগুলোর মধ্যে কয়েকটির ন্যূনতম জনসমর্থন না থাকায় নির্বাচন কমিশনে নিবন্ধন নেই। বাকি যেগুলোর নিবন্ধন আছে, তাদের বাস্তব কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চোখে পড়ে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যা ঘটছে তাকে জোট সম্প্রসারণের লক্ষণ বলা যায়। জোটের আকার বড় করার আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, যেসব দলের সঙ্গে কথা হচ্ছে তাদের বিএনপি ও ওই দলগুলো নিজেরাও সমমনা বলছে। জোটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য দলগুলোর আগ্রহ আছে। চারদলীয় জোট আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বিএনপির সূত্রে জানা গেছে, আপাতত সমমনা দলগুলোর অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। এরপর সম্প্রসারণের বিষয়ে চারদলীয় জোটের শরিকদের সঙ্গে আলোচনা করবে বিএনপি। এখন জোটের ধরন কী হবে, তা নিয়ে আলোচনা হচ্ছে।বিএনপি যেসব দলকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চাইছে, তাদের সঙ্গে জোট করলে বা ঐক্যবদ্ধ হলে বিএনপি ও চারদলীয় জোট কতটা লাভবান হবে, তা নিয়ে জোটের মধ্যে প্রশ্ন উঠেছে। কোনো কোনো নেতা এসব নামসর্বস্ব দল নিয়ে জোট সম্প্রসারণের পরিবর্তে যুগপৎ আন্দোলন করার পক্ষে মত দিয়েছেন। আবার এসব দলের কয়েকটিকে কেন সমমনা বলা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। যেসব দলের সঙ্গে আলোচনা হয়েছে: এখন পর্যন্ত যেসব দলের সঙ্গে খালেদা জিয়া আলোচনা করেছেন সেগুলো হলো—জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ ইসলামিক পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) ও বাংলাদেশ মুসলিম লীগ। এর বাইরে আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানা গেছে। ইতিমধ্যে এই দলগুলো জোটে আসতে আগ্রহ প্রকাশ করেছে বলে বিএনপির নেতারা জানিয়েছেন। সূত্র জানায়, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গত জুন ও জুলাই মাসে এই দলগুলোর সঙ্গে যে বৈঠক করেছেন, তাতে বিএনপির রাজনীতি ও সরকারবিরোধী আন্দোলন-কর্মসূচি সম্পর্কে দলগুলোর মনোভাব জানার চেষ্টা করা হয়েছে। ওই সব বৈঠকে তিনি বিএনপির ঘোষিত কর্মসূচির ব্যাপারে দলগুলোর সমর্থন লাভে সক্ষম হয়েছিলেন বলে জানা গেছে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচিতে এমন আট দলের সমর্থন কামনা করেছেন।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। তবে কোন দলগুলোর সঙ্গে জোট গঠন হতে পারে, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে। সময়মতো চারদলীয় জোটের শরিকদের সঙ্গে কথা বলা হবে। নামসর্বস্ব দলের সঙ্গে আলোচনা: বিএনপি যেসব দলের সঙ্গে আলোচনা করছে তার মধ্যে পাঁচটিই নির্বাচন কমিশনের সন্দেহের তালিকায় আছে। এগুলো হলো জাগপা, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ ভাসানী, মুসলিম লীগ ও এনপিপি। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিবন্ধন পাওয়া ৩৯টি দলের মধ্যে ১০-১২টি ছাড়া বাকি সবগুলো নামসর্বস্ব। নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে এসব দলের অনেকগুলো সেই সময় শর্ত পূরণের ভুয়া তথ্য দিয়েছে। এ জন্য সংসদে প্রতিনিধিত্ব আছে এমন আটটি দল ছাড়া বাকি সবগুলোর ব্যাপারে খোঁজখবর নিচ্ছে নির্বাচন কমিশন। এই তালিকায় বিএনপির সমমনা আলোচিত পাঁচটি দলও আছে।নিবন্ধনহীন তিন দল: খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছে এমন তিনটি দল এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ন্যূনতম শর্ত পূরণ করে নিবন্ধন পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি। এগুলো হলো—লেবার পার্টি, ইসলামিক পার্টি ও এনডিপি। ১০টি জেলায়ও কার্যালয় না থাকার কারণে এসব দল নিবন্ধন পায়নি।সমমনা নিয়ে বিতর্ক: আলোচিত দলগুলোর মধ্যে এনপিপিকে সমমনা দল বলা হচ্ছে কেন—এ নিয়ে বিতর্ক উঠেছে খোদ বিএনপিতে। এই দলটিকে এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সুবিধাভোগী হিসেবে মনে করা হয়। খালেদা জিয়া ও বিএনপির শীর্ষস্থানীয় নেতারা সব সময় এক-এগারোর সমালোচনা করে আসছেন। বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা প্রশ্ন রেখে বলেন, এনপিপি কেন বিএনপির সমমনা হবে। এ ধরনের দলের সঙ্গে আলোচনা করতে যাওয়াও বিএনপির জন্য ক্ষতিকর। জোট সম্প্রসারণে আপত্তি নেই শরিকদের: চারদলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান প্রথম আলোকে বলেন, জোট সম্প্রসারণের বিষয়টি এখনো চূড়ান্ত নয়। শরিকেরা বসে সিদ্ধান্ত নেবে কোনটা ভালো হবে। অপর শরিক ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী বলেন, এই জোট কর্মসূচিভিত্তিক নাকি নির্বাচনী জোট হবে, তা নিয়ে আলোচনা হয়নি। তিনি বলেন, সময়ের প্রয়োজনে জোট সম্প্রসারণ তো হতেই পারে। তবে চেষ্টা করেও এ বিষয়ে জামায়াতের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।