বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় হত্যা, ধর্ষণ, নির্যাতন-নিপীড়নসহ মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিচারকাজে আন্তর্জাতিক সহায়তা পাবে সরকার। রোম সংবিধি অনুস্বাক্ষরের সিদ্ধান্ত হওয়ায় এ সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে রোম সংবিধি অনুস্বাক্ষরের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের সময় নির্যাতন-নিপীড়ন, হত্যা ও ধর্ষণের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে কমিশন গঠন করা হয়েছে। এ প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিচার অভ্যন্তরীণ আইনে করা যাবে। তবে রোম সংবিধি অনুস্বাক্ষরের সিদ্ধান্ত হওয়ায় বিচারকাজে সদস্য রাষ্ট্র তথা আন্তর্জাতিক সহায়তা পাওয়া যাবে। সূত্র জানায়, যুদ্ধাপরাধের বিচারের জন্য রোম সংবিধি প্রযোজ্য হবে না। জাতীয় সংসদে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী আইন পাস হওয়ায় যুদ্ধাপরাধীদের বিচার ওই আইনে হবে। সূত্র জানায়, বৈঠকে এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আক্রোশ মেটানোর জন্য এ বিচার নয়, ন্যায়বিচারের প্রশ্নেই এটা করা হচ্ছে।জানা যায়, দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ১৯৯৮ সালের ১৭ জুলাই রোম সংবিধিতে স্বাক্ষর করেছিল। এ পর্যন্ত ১১০টি দেশ এতে অনুস্বাক্ষর করেছে। রোম সংবিধিতে অনুস্বাক্ষরের সিদ্ধান্ত হওয়ায় মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যাসহ নৃশংস ঘটনার বিচারে আন্তর্জাতিক মান অনুসরণ করতে সরকার বদ্ধপরিকর। ভিক্ষাবৃত্তিতে বাধ্য করলে তিন বছরের কারাদণ্ড, জরিমানা: কাউকে জোর করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করলে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তি করালে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তিদের পুনর্বাসন আইন-২০১০’ নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলোচনা: বৈঠক সূত্র জানায়, গতকাল বৈঠকে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী জানান, সম্প্রতি সফর করা জাপানি একটি সংসদীয় প্রতিনিধিদল পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে কথা বলে। এ প্রসঙ্গে তিনি বলেন, গত আওয়ামী লীগ সরকারের সময় পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার ওই চুক্তি বাস্তবায়নে পদক্ষেপ নেয়নি। বর্তমান সরকার ক্ষমতায় এসে চুক্তি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে। তিনি জাপানি প্রতিনিধিদলকে এ ব্যাপারে বিএনপির সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন। সূত্র জানায়, প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ে মন্ত্রীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, পরিস্থিতি ঘোলাটে করার জন্য নানা চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে। তিনি বিদ্যুত্ সাশ্রয়ে উদ্যোগী হওয়ার জন্য মন্ত্রীদের পরামর্শ দেন। এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে চালের দাম এবং সার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে বলা হয়, চালের দাম কমেছে। সার নিয়ে কোনো সংকট নেই। বৈঠকে আওয়ামী লীগের কয়েকটি সহযোগী সংগঠনের কার্যক্রম নিয়েও কিছু কথা হয়। ছাত্রলীগের কার্যক্রম নিয়েও কথা বলেন কেউ কেউ। বৈঠকে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক চীন সফর সম্পর্কে মন্ত্রিসভার সদস্যদের অবহিত করেন। বৈঠকে বাংলাদেশ পর্যটন বোর্ড আইন-২০১০ অনুমোদন এবং সামাজিক বনায়ন বিধিমালা-২০০৪-এর সংশোধনীর বিষয়ে জানানো হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবেরা উপস্থিত ছিলেন।