‘পারভেজ মোশাররফ (পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট) দ্বিতীয়বারের মতো ঢাকায় এলেন। অনুপ চেটিয়া (ভারতের আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা) তখন ঢাকা কারাগারে আটক। সেখান থেকে তাঁকে শেরাটন হোটেলে নিয়ে আসা হয়। তিনি পারভেজ মোশাররফের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করেন।’গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ-বিরোধী মঞ্চ আয়োজিত গোলটেবিল আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘১০ ট্রাক অস্ত্র বাংলাদেশের জন্য আনা হয়নি। আনা হয়েছিল ভারতে ব্যবহারের জন্য। বগুড়ায় প্রায় এক লাখ গুলি পাওয়া গিয়েছিল। সেগুলোও ভারতের ভূখণ্ডে ব্যবহারের জন্য আনা হয়েছিল। তালেবান, আল-কায়েদার প্রতিনিধি ও তথাকথিত মুজাহিদেরা বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করেছে। একটি গোয়েন্দা সংস্থার তখনকার একজন কর্মকর্তা এদের অভ্যর্থনাও জানান। এ রকম আরও উদাহরণ দিতে পারব।’সৈয়দ আশরাফ বলেন, ভারতের পার্লামেন্ট ভবনে যেসব জঙ্গি হামলা করেছিল, তাদের কয়েকজন বাংলাদেশ হয়ে সেখানে গিয়েছিল।বিগত জামায়াত-বিএনপি জোট সরকারের সময়ে ঘটা এসব ঘটনার বর্ণনা করে সৈয়দ আশরাফ বলেন, ‘ভারতের সঙ্গে এখন আমাদের বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে। ভারতের প্রশ্ন যেমন আমাদের সমাধান করতে হবে, তেমনি আমাদের প্রশ্নগুলোও তাদের সমাধান করতে হবে। পরিস্থিতির উত্তরণই হবে শেখ হাসিনার ভারত সফরের অন্যতম প্রধান লক্ষ্য।’‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর: বাংলাদেশ-ভারত আন্তসম্পর্ক’ শীর্ষক আলোচনায় বক্তারা প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের করণীয় সম্পর্কে নানা মত প্রকাশ করেন। সেই সূত্র ধরে সৈয়দ আশরাফ বলেন, শেখ হাসিনা বাজারের কোনো ফর্দ নিয়ে যাচ্ছেন না যে কিছু নিয়ে আসতে হবে। আবার কিছু দিতেও যাচ্ছেন না। এটা কৌশলগত সফর, রাজনৈতিক সফর। এই সফরে আলোচনা শুরু হবে। উচ্চপর্যায়ের আরও বৈঠক হবে। অমীমাংসিত বিষয়গুলো সেসব বৈঠকেই ফয়সালা হবে। তিনি বলেন, ‘পরিস্থিতির উত্তরণ করা হবে শেখ হাসিনার সফরের অন্যতম প্রধান লক্ষ্য। আপনারা যেসব দাবি করছেন, ধীরে ধীরে তার সমাধান হবে।’বিভিন্ন সংবাদপত্রে প্রধানমন্ত্রীর আসন্ন সফর নিয়ে যেসব সংবাদ প্রকাশ হয়েছে, সেগুলো বস্তুনিষ্ঠ নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সাংবাদিকদের অনুরোধ করব, আপনারা এমন কোনো প্রত্যাশা সৃষ্টি করবেন না, যা পূরণ হওয়ার নয়। দুই দেশের মধ্যে আত্মা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলা এই সফরের উদ্দেশ্য।’সৈয়দ আশরাফ বলেন, ‘সরকার চীনের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ স্থাপন করতে চায়। চীনের সঙ্গে কথাও হয়েছে। ভারত থেকে বাংলাদেশের ভেতর দিয়ে আবার ভারত হয়ে মিয়ানমার পর্যন্ত সড়ক বাংলাদেশের মন্ত্রিসভা অনুমোদন করেছে। চীন থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশে সড়ক প্রবেশ করবে। চীন চাইছে, আমাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে আরও গভীর সম্পর্ক গড়ে উঠুক। শেখ হাসিনাও চীন ও ভারতের সম্পর্ককে নতুন ধাপে নিয়ে যেতে চান।’ তিনি বলেন, এখনকার ভূ-রাজনীতি আগের মতো সরল নয়, অনেক জটিল। শেখ হাসিনা এটা বোঝেন। তিনি আত্মবিশ্বাস নিয়ে ভারতে যাচ্ছেন। যে উদ্দেশ্যে যাচ্ছেন, তা শতভাগ সফল হবে বলে বিশ্বাস।কোপেনহেগেনে বিশ্ব জলবায়ু সম্মেলনের কারণে প্রধানমন্ত্রীর ভারত সফর পিছিয়েছে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিশিষ্ট সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী না জেনেই এ নিয়ে নিজের মতো করে লিখে দিয়েছেন।বক্তাদের পরামর্শ: আলোচনায় মূল প্রবন্ধে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ম. আখতারুজ্জামান ছিটমহলসহ সীমান্তসংক্রান্ত সমস্যা, সমুদ্রসীমা নির্ধারণ, অভিন্ন নদীর পানি বণ্টন, ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে অশুল্ক বাধাসহ নানা বিষয়ে আলোচনা করার পরামর্শ দেন।সভাপতির বক্তব্যে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সভাপতি অজয় রায় বলেন, প্রধানমন্ত্রীর সফর প্রকৃত অর্থে একটা বন্ধুত্বের বাতাবরণ তৈরির উদ্যোগকে আরও এগিয়ে নেবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের যা দরকার, স্পষ্ট ভাষায় বলব। আমরা কারও কাছে ভিক্ষা চাই না। পানি-সমস্যা, সীমান্ত-সমস্যাসহ সব অর্থনৈতিক, রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য কথা বলতে হবে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধুর সমান হতে পারবেন না, কিন্তু দেখিয়ে দিন, আপনি তাঁর চেয়েও কম নন।’ তিনি বলেন, ট্রানজিট দিলে নিরাপত্তা ও সার্বভৌমত্ব নষ্ট হয়ে যায়—এমন বালখিল্য যুক্তি থেকে সরে আসতে হবে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান বলেন, শুধু ভারত কেন, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে হবে। তিনি ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানের সঙ্গে ট্রানজিট চালুর দাবি করেন।ইসলামি চিন্তাবিদ ফরিদউদ্দিন মাসউদ বলেন, ভারত ও পাকিস্তানে বাংলাদেশের প্রতি বন্ধুভাবাপন্ন বহু মানুষ আছে। জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক যদি আরও ব্যাপক করা যায়, তাহলে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান হবে।গণফোরামের নেতা পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা বিমল বিশ্বাস, গণ-আজাদী লীগের নেতা আবদুস সামাদ, ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ গোলটেবিলে বক্তব্য দেন।