জোটের একুশের অনুষ্ঠান এখন রবীন্দ্রসরোবরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হলো সম্মিলিত সাংস্কৃতিক জোটের ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব। আজ থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত জোটের সাংস্কৃতিক অনুষ্ঠান ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে অনুষ্ঠিত হবে।গতকাল সাংস্কৃতিক জোটের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বিকেলে শুরু হওয়ার কথা থাকলেও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সাংস্কৃতিক কর্মীদের অনুষ্ঠান শুরু করতে বাধা দেয়। কর্মীদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত অনুষ্ঠান যথানিয়মে শুরু হয়। শুরুতে ‘মা গো আর তোমাকে ঘুমপাড়ানি মাসি হতে দেব না’ গানটি গেয়ে শোনান শিল্পী মাফিয়া রহমান। ঢাকা থিয়েটার পরিবেশন করে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক জীয়ন্ত কাল। ঋষিজ সাংস্কৃতিক গোষ্ঠী পরিবেশন করে ‘এই সমাধিতলে কত প্রাণ প্রদীপ জ্বলে’, ‘ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়’, ‘ভয় কী মরণে’ ইত্যাদি গান। সত্যেন শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘আয় রে আমার দামাল ছেলে’, ‘রক্ত শিমুল তপ্ত পলাশ’সহ আরও একটি গান। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করে সমর বড়ুয়া ও বিশ্বজিৎ রায়। এ ছাড়া দলীয় আবৃত্তি করেন চারুবাক, বাক শিল্পাঙ্গন, শ্রুতিঘর ও সন্ধান লিটল থিয়েটার সংগঠনের শিল্পীরা। নাটক পরিবেশন করে সময়। অনুষ্ঠানে বক্তব্য দেন নাসির উদ্দীন ইউসুফ, গোলাম কুদ্দুছ, হাসান আরিফ ও মাসকুর-এ-সাত্তার।