জোটের কর্মসূচিতে প্রকাশ্যে শিবির, দলের ক্ষেত্রে চোরাগোপ্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোটের কর্মসূচিতে প্রকাশ্যে ও সরবে উপস্থিত হন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সুশৃঙ্খলও থাকেন। কিন্তু নিজেদের দলীয় কর্মসূচি হলেই পাল্টে যায় চিত্র। ঝটিকা মিছিল, চোরাগোপ্তা হামলা, পুলিশের সঙ্গে সহিংসতাই যেন এখন জামায়াতের কর্মসূচির নির্ধারিত ধরন।গতকাল বুধবার রাজধানী ঢাকায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণসংযোগ কর্মসূচিসহ অতীতে জোটের গণমিছিল, গণবিক্ষোভ, রোড মার্চ, মহাসমাবেশসহ সব কর্মসূচিতেই জামায়াত-শিবিরের কর্মীদের সরবে প্রকাশ্যে উপস্থিত হতে দেখা গেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল রাজধানীর গাবতলী, কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, সবুজবাগ ও ভাটারার পথসভায় বক্তৃতা করেন। এই পথসভার প্রতিটিতে জামায়াত-শিবিরের উল্লেখযোগ্যসংখ্যক নেতা-কর্মী অংশ নেন প্রকাশ্যে। ১৮ দলের কর্মসূচিতে মূলত ব্যানার, পোস্টার, ফ্যাস্টুনে এঁদের প্রাধান্যই থাকে বেশি। আর তাঁদের মূল দাবি থাকে যুদ্ধাপরাধের বিচার বন্ধ করা। তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে তাঁদের ব্যানার-ফ্যাস্টুনে তেমন কিছু থাকে না। গতকালও দেখা গেছে, বিএনপির নেত্রী খালেদা জিয়া যখন যুদ্ধাপরাধের বিচারের সমালোচনা করেন, তখন তাঁরা স্লোগান দিয়ে তাতে সমর্থন জানান। আর তিনি যখন আগের আন্দোলনে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের একসঙ্গে আন্দোলন, অথবা আওয়ামী লীগ বা বাম দলের কোনো নেতার সঙ্গে জামায়াতের নেতাদের বৈঠক বা করমর্দনের সমালোচনা করেন, তখন নীরব থাকেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় সমর্থনসূচক হল্লা তোলেন ছাত্রদল-যুবদলের কর্মীরা।গতকালের গণসংযোগ কর্মসূচি ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি পুনর্বহাল, দ্রব্যমূল্য কমানো, জনগণের জানমালের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব রাজবন্ধীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে। কিন্তু জামায়াতের কর্মীদের বহন করা ব্যানার-ফ্যাস্টুনের সঙ্গে এর কোনো মিল ছিল না। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা যুদ্ধাপরাধের বিচার বন্ধ ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দলের নয়জন শীর্ষ নেতার ছবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। অবশ্য গতকালের পথসভাগুলোতে এ মাসে গ্রেপ্তার হওয়া জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, মিয়া গোলাম পরওয়ার, প্রচার সেক্রেটারি তাসনীম আলমের ছবিসংবলিত প্ল্যাকার্ডও বহন করতে দেখা যায় দলটির কর্মীদের।জানতে চাইলে জামায়াতের ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম (মাসুদ) প্রথম আলোকে বলেন, ‘আমরা চোরাগোপ্তা নয়, প্রকাশ্যেই করার চেষ্টা করি। কিন্তু পুলিশ বাধা সৃষ্টি করে সহিংসতার পথে ঠেলে দেয়।’গাবতলী থেকে শুরু করে সর্বশেষ ভাটারার পথসভা পর্যন্ত রাস্তায় জামায়াত-শিবিরের কর্মীরা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা এবং দলের গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবিতে সরকারবিরোধী নানা স্লোগান দেন। জোটের প্রধান দাবি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে স্লোগান খুব কম শোনা গেছে।এ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের শীর্ষ নেতারা যেহেতু জেলে, সে কারণে কর্মীদের মধ্যে আলাদা সেন্টিমেন্ট থাকাটা স্বাভাবিক। তাই বলে তত্ত্বাবধায়কের দাবিকে অবজ্ঞা করার কেনো সুযোগ নেই। কারণ এর রূপকার গোলাম আযম।’গতকাল খালেদা জিয়ার নেতৃত্বে রাজধানীর পাঁচ জায়গায় যে পথসভা হয়, তাতে জামায়াতের নেতা মুজিবুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, হামিদুর রহমান আযাদ, নুরুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সব নেতার পুরো বক্তৃতাই ছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিরুদ্ধে। তাঁদের মূল দাবি যুদ্ধাপরাধের অভিযোগে আটক নেতাদের মুক্তি।