জোটের নেতাদের সঙ্গে খালেদার বৈঠক আজ রাতে
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নেতাদের সঙ্গে আজ সোমবার রাতে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।আজ রাত সাড়ে আটটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। ইউএনবির খবরে বলা হয়, বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। জোটের পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হতে পারে বৈঠকে।বিএনপির সূত্রে জানা গেছে, বৈঠকে জোটের নেতাদের সঙ্গে খালেদা জিয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। এর মধ্যে রয়েছে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, চার সিটি করপোরেশন নির্বাচন, সরকারের সঙ্গে সংলাপ, বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার, সংসদে যোগদান এবং দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা। নির্দলীয় সরকারের অধীনে সরকারকে নির্বাচনে যেতে বাধ্য করতে জোটের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানা গেছে। এ ছাড়া, মিছিল ও সমাবেশের ওপর সরকারের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া জোটের নেতাদের সঙ্গে চলমান আন্দোলন আরও বেগবান করার বিষয়ে আলোচনা করবেন।