জোনাকির আলোয় চঞ্চল ও মীম
জোনাকির আলো নামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও বিদ্যা সিনহা সাহা মীম।ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত নতুন এই ছবিতে অভিনয়ের ব্যাপারে তাঁদের বিষয়টি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। পরিচালক খালিদ মাহমুদ মিঠু এ কথা জানিয়েছেন।খালিদ মাহমুদ মিঠু প্রথম আলো অনলাইনকে বলেন, ‘৯ মার্চ থেকে ছবিটির শুটিং শুরু করার কথা। এরই মধ্যে একটি ইউনিট কুমিল্লা গিয়েছে লোকেশন দেখতে। তাদের মতামতের উপরই নির্ভর করছে ঐদিন থেকে শুটিং শুরু করা যাবে কিনা।’ তিনি আরও বলেন, ‘চঞ্চল ও মীমকে এরই মধ্যে চূড়ান্ত করেছি। এখন আরও একজন নায়ক প্রয়োজন। আশা করছি, কাল শনিবারের মধ্যে তা চূড়ান্ত করে ফেলতে পারব।’অভিনেতা চঞ্চল চৌধুরী প্রথম আলো অনলাইনকে বলেন, ‘চলচ্চিত্রটির ব্যাপারে আমার সঙ্গে মৌখিক আলাপ হয়েছে। তাতে মনে হয়েছে গল্পটি ভালো।’ অন্যদিকে অভিনেত্রী মীম বলেন, ‘আমার প্রাণের প্রিয়া’র পর ভালো গল্পের ছবির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। জোনাকীর আলো’র গল্পটি শুনে ভালো লেগেছে। ছবিটি করার ব্যাপারে মৌখিকভাবে সম্মতি দিয়েছি।’ খালিদ মাহমুদ মিঠুর প্রথম চলচ্চিত্র ‘গহীনে শব্দ’ দেশে ও আন্তর্জাতিকভাবে বেশ কয়েকটি পুরস্কার লাভ করে। সম্প্রতি এই ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্যও মনোনীত হয়।উল্লেখ্য, গিয়াসউদ্দীন সেলিমের ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয় করে চঞ্চল চৌধুরী বেশ আলোচিত হন। আর জাকির হোসেন রাজুর ‘আমার প্রাণের প্রিয়া’ চলচ্চিত্রে অভিনয় করে মীম পেয়ে যান দর্শকপ্রিয়তা।