নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জোনাথনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে জোনাথন প্রায় ৫৭ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মাদু বুহারি পেয়েছেন ৩১ শতাংশ ভোট। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। এদিকে ফলাফল ঘোষণা পর প্রেসিডেন্ট জোনাথন এক বিবৃতিতে দেশবাসীকে সহিংসতা পরিহার করে শান্ত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় গত শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয়। নির্বাচন কমিশন গতকাল সোমবার নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করে। এতে দেখা গেছে, জোনাথন দুই কোটি ২৫ লাখ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাশাসক বুহারি পেয়েছেন এক কোটি ২২ লাখ।জোনাথনের বিজয় নিশ্চিত হওয়ার পর থেকে মুসলিম অধ্যুষিত উত্তরাঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ে। বুহারির সমর্থকেরা ভোট জালিয়াতির অভিযোগ করেছেন। তবে বুহারির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা নির্বাচন অবাধ ও স্বচ্ছ হয়েছে বলে মত দিয়েছেন।রেডক্রস জানিয়েছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেক মানুষ নিহত হয়েছে।