জোর করে ক্ষমতায় থাকতে চাইলে ৭৫-এর পরিণতি হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সরকার তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি বাতিল করে ষড়যন্ত্রের মাধ্যমে আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানও ১৯৭৫ সালে বাকশাল কায়েম করে ক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তাঁর সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি। এ সরকারও যদি জোর করে ক্ষমতায় থাকতে চায়, তাহলে তাদেরও ৭৫-এর মতো পরিণতি বহন করতে হবে।’আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। সংগঠনটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।মোশাররফ হোসেন দাবি করেন, বিএনপির নেতা রুহুল কবির রিজভীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সরকার রিজভীকে নয়, গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে বলে তিনি মন্তব্য করেন।বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বর্তমান সরকারকে উদ্দেশ করে বলেন, ‘দয়া করে বিরোধীদলীয় নেতা-কর্মীদের নামে মামলা-হামলা বন্ধ করুন। সময়ক্ষেপণ করবেন না, পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিন। নইলে দেশ অস্থিতিশীল হলে সরকারকেই এর দায় নিতে হবে।’