ভোটকেন্দ্র দখল, জোর করে ব্যালটে সিল, ব্যালট ছিনতাই, সংঘর্ষ-ধাওয়া, ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার দেশের বেশ কিছু স্থানে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হয়েছে। এসব সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় আহত হয়েছে ৩২ জন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত নোয়াখালীর কোম্পানীগঞ্জ, ভোলার চরফ্যাশন ও ফেনীর পরশুরাম উপজেলা থেকে ৩২ জনকে আটক এবং পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন।গতকাল কুড়িগ্রামের রাজীবপুর ও রৌমারী, চাঁদপুরের হাইমচর, নোয়াখালীর কোম্পানীগঞ্জ, ফেনীর পরশুরামপুর, ভোলার চরফ্যাশন, বগুড়ার সারিয়াকান্দি, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি, দিনাজপুরের নবাবগঞ্জ, মানিকগঞ্জের হরিরামপুর, ময়মনসিংহের ফুলপুর ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬৫ ইউনিয়নে নির্বাচন হয়। এ উপলক্ষে গতকাল সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে সাধারণ ছুটি ছিল। কোম্পানীগঞ্জে ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখলের চেষ্টা: বেলা ১১টার পর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল সন্ত্রাসী কয়েকটি ককটেল ফুটিয়ে কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারের দুটি বই ছিনিয়ে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর পুলিশ বই দুটি উদ্ধার করে এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে আইয়ুব খান, রুবেল ও ইয়াছিন হোসেন নামের তিনজনকে গ্রেপ্তার করে।বেলা সাড়ে ১১টার দিকে একই ইউনিয়নের হাজী মাহবুবুল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে একদল সন্ত্রাসী পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখলের চেষ্টা চালায়। ঘটনার পরপরই পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুপুর দুইটার দিকে প্রবল বৃষ্টি শুরু হলে চরকাঁকড়া ইউনিয়নের আমিন মেমোরিয়াল একাডেমিতে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে কেন্দ্র দখল করে ব্যালট পেপারের তিনটি বই ছিনতাই করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের তিন-চারটি গুলি ছুড়লে সন্ত্রাসীরা ব্যালট পেপারগুলো কেন্দ্রের পাশে ফেলে পালিয়ে যায়। এ সময় পুলিশের গুলিতে আবুল কালাম ও ইমরান হোসেন নামের দুজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাজারী বলেন, চরকাঁকড়া কেন্দ্রে পুলিশ বিশৃঙ্খলাকারীদের দমন করতে শটগানের তিনটি গুলি ছুড়েছে।চরফ্যাশনে বিক্ষিপ্ত সংঘর্ষ, হামলা: চরফ্যাশনের নুরাবাদ ইউনিয়নের দুই নম্বর কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ-সমর্থিত দুই চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজনদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়। চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান অভিযোগ করে বলেন, ওই কেন্দ্রে দায়িত্ব পালনের সময় এসআই অলি উল্লাহ তিনটি ব্যালট নিয়ে প্রতিপক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল ইসলামের ঘড়ি প্রতীকে সিল মারেন। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। দুপুর ১২টায় সাংবাদিকেরা ওই কেন্দ্রে গেলে এসআই অলি উল্লাহ অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের দিকে তেড়ে আসেন। বেলা একটায় একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ফরিদাবাদ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা ও জাল ভোটের ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রের বাইরে চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল ইসলামের সমর্থকেরা প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালায়। পরে তারা চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুরের সমর্থক আবদুল মান্নান মিয়ার বাড়িতে হামলা ও লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।এদিকে আবুবকরপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য পদপ্রার্থী দুলাল হাওলাদার ও আবদুল আজিজের পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। পরশুরামে ১৬৬ ব্যালট বাতিল: ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মধ্য মণিপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোর করে ব্যালট পেপার ছিনিয়ে বাক্সে ঢোকানোর অভিযোগে দুজনকে আটক করা হয়। পরে প্রিসাইডিং কর্মকর্তা ছিনিয়ে নেওয়া ৬৪টি ব্যালট বাতিল করেন। ওই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ফোরকান উদ্দিন ও নূর মোহাম্মদ অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নুরুজ্জমানের সমর্থকেরা আগের রাত থেকে তাঁদের কর্মী-সমর্থক ও এজেন্টদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তবে নুরুজ্জমান এ অভিযোগ অস্বীকার করেন। চিথলিয়া ইউনিয়নের ধনিকুণ্ডা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন প্রার্থীর পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার অভিযোগে জহরলাল দাস নামের একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেন একজন ম্যাজিস্ট্রেট। ওই কেন্দ্রে জোর করে ব্যালটে সিল মারা ১৩টি ব্যালট বাতিল এবং দুজনকে আটক করা হয়। একই ইউনয়নের নোয়াপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে জোর করে সিল দেওয়া ৮৪টি ব্যালট বাতিল ও তিনজনকে আটক করা হয়। এ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল হালিম অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জসিম উদ্দিনের লোকজন বিভিন্ন ভোটকেন্দ্রে তাঁর এজেন্টদের জোর করে বের করে দিয়ে ব্যালট পেপারে সিল মারে। বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে একজন প্রার্থীর পক্ষে জোর করে ব্যালট পেপারে সিল মারা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় প্রায় ৩০ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে। এ কেন্দ্রে জোর করে সিল মারা পাঁচটি ব্যালট বাতিল করা হয়। রির্টানিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বিভিন্ন ভোটকেন্দ্রে জোর করে সিল মারা ব্যালট বাতিল ও সাতজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। হাইমচরে ১২০০ ব্যালট পেপারে সিল: হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের মধ্য গন্ডামরা সরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবু তাহের মো. রুহুল আমিন, পোলিং কর্মকর্তা তাসলিমাসহ বেশ কয়েকজন কর্মকর্তা বলেন, ওই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাহাবুদ্দিন হাওলাদার টিটু বেলা তিনটার দিকে তাঁর দলবল নিয়ে কেন্দ্রটি দখল করেন। পরে কর্মকর্তাদের বিদ্যালয়ের অফিস কক্ষে আটকে রেখে সাহাবুদ্দিন ও তাঁর লোকজন এক হাজার ২০০ ব্যালট পেপারে সিল দিয়ে বাক্স ভর্তি করেন। ওই সময় কেন্দ্রে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ফলে তারা কারও কাছে কোনো অভিযোগ দিতে পারেনি। খবর পেয়ে চাঁদপুরের বিচারিক হাকিম দিদার হোসাইন অতিরিক্ত পুলিশ নিয়ে বিকেল সাড়ে চারটায় ওই ভোটকেন্দ্রে গিয়ে নির্বাচনী কর্মকর্তাদের ও ভোটবাক্স উদ্ধার করেন। হাকিম দিদার হোসাইন ও উপপরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, ভোট বাক্সগুলো পাশের একটি কক্ষ থেকে উদ্ধার করে গণনাসহ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।এ ব্যাপারে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সাহাবুদ্দীনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি। এ ছাড়া মানিকগঞ্জের হরিরামপুর ও বগুড়ার সারিয়াকান্দি উপজেলা থেকে শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠানের খবর পাওয়া গেছে। [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, ফেনী, নোয়াখালী অফিস, চাঁদপুর প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা) ও পরশুরাম (ফেনী) প্রতিনিধি]