প্রিয় এসএসসি পরীক্ষার্থী, সাধারণ বিজ্ঞানে ভালো করার জন্য নিচের নিয়মকানুনগুলো অবশ্যই মেনে চলবে। উদ্দীপক পড়ো: সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার জন্য উদ্দীপকটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের এটি খুব ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। ‘ক’ নম্বর প্রশ্নের উত্তর মুখস্থনির্ভর হলেও মনে রাখবে, এখানে তেমন বড় করে লেখার কিছু নেই। সঠিক উত্তরটি লিখলেই হবে। সৃজনশীলে ‘খ’ প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে চেষ্টা করতে হবে, কোন প্রসঙ্গে ব্যাখ্যা করা হচ্ছে। ‘গ’ প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে অবশ্যই উদ্দীপকের সঙ্গে সম্পর্ক রেখেই উত্তর করতে হবে। এ কারণে প্রশ্নের উত্তর লেখার জন্য অবশ্যই উদ্দীপকটি ভালো করে পড়তে হবে। ‘ঘ’ প্রশ্নের উত্তর উদ্দীপক পড়ে পঠিত বিষয়বস্তু থেকে অর্জিত জ্ঞানের আলোকে নিজস্ব চিন্তা-চেতনার ভিত্তিতে লিখতে হবে। সাধারণ বিজ্ঞান বিভিন্ন ধরনের অধ্যায়ের সমন্বয়ে গঠিত। তাই এ বিষয়টি খুব মনোযোগ-সহকারে পড়তে হবে। পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, পরিবেশ, জনসংখ্যা, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় রয়েছে। বহুনির্বাচনী প্রশ্নের উত্তর খুব মনোযোগ দিয়ে পড়ো। সৃজনশীল ও বহুনির্বাচনী অংশে ভালো নম্বর পেলেই এ+ পাওয়া সম্ভব হবে।