ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ঝিনাইদহএইচএসসি পরীক্ষার্থীরা, বাংলা দ্বিতীয় পত্রে ভালো করার জন্য ভালো করে প্রস্তুতি নিয়েছ। বাংলা দ্বিতীয় পত্রে বেশি নম্বর পাওয়া সম্ভব। বেশি নম্বর পেলে বাংলায় জিপিএ-৫ পাওয়া নিশ্চিত হতে পারে। নাটক: নাটকে ভালো নম্বর পেতে হলে প্রশ্ন নির্বাচনে কৌশলী হতে হবে। যে বড় প্রশ্নে নাটকের উদ্ধৃতি ব্যবহারের সুযোগ আছে, সে প্রশ্নের উত্তর দেওয়া উত্তম। উত্তরটি হতে হবে বিবরণমূলক নয়; বরং বিশ্লেষণমূলক। ছোট প্রশ্নের ক্ষেত্রে কোনো চরিত্রের সংক্ষিপ্ত পরিচয়মূলক প্রশ্নোত্তর দেওয়া সুবিবেচনাপ্রসূত নয়। যে প্রশ্নে উদ্ধৃতি উল্লেখ করে কে, কাকে, কখন, কোন প্রসঙ্গ জানতে চাওয়া হয়, সেই প্রশ্নের উত্তর দেওয়া ভালো। এ ক্ষেত্রে অধিক নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাখ্যায় উৎস-প্রসঙ্গের জন্য আলাদা নম্বর থাকে। প্রসঙ্গ যদি অঙ্ক ও দৃশ্যসহ সঠিক থাকে তাহলে অধিক নম্বর পাওয়া যাবে। নাটকের প্রশ্নের উত্তর দেওয়ার সময় তৎসম ও অপ্রচলিত শব্দ ব্যবহার না করাই ভালো।প্রবন্ধ বা রচনা: প্রবন্ধ বা রচনা বর্ণনামূলক, চিন্তামূলক, ভাবমূলক যেকোনো ধরনের হোক না কেন, লেখার সময় খসড়া ছক করে নেওয়া ভালো। এতে চিন্তার ক্রমপরম্পরা রক্ষিত হয়। প্রবন্ধ বা রচনার ক্ষেত্রে শিরোনাম ব্যবহার করা যাবে। রচনার তিনটি অংশ হলো ভূমিকা, মূল অংশ ও উপসংহার। ভূমিকা আকর্ষণীয় ও প্রাসঙ্গিক হতে হবে। মূল অংশে সন্নিবেশিত উপাদান পৃথক অংশে বিন্যস্ত করতে হবে। ব্যাকরণ: ব্যাকরণের ক্ষেত্রে বর্ণনামূলক প্রশ্নের বদলে সমাধানমূলক প্রশ্নের উত্তর দেওয়া উচিত। এতে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। সমাধানমূলক প্রশ্নে নির্দিষ্ট বিষয়ের একাধিক বিকল্প থাকে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই।পত্রলিখন: পত্র, দরখাস্ত, সংবাদপত্রে প্রকাশিত পত্র, মানপত্র—এগুলোর মধ্য থেকে যেকোনো একটি বিষয়ে উত্তর দিতে হবে। দরখাস্ত ব্যতীত অন্যান্য পত্রে খাম দিতে হবে। তবে মানপত্রে খামের প্রয়োজন নেই। পত্রলিখনে সুনির্দিষ্ট নিয়মের প্রতি সচেতন থাকতে হবে।ভাষণ বা প্রতিবেদন: ভাষণ যেন প্রাসঙ্গিক হয় সেদিকে বিশেষ যত্নবান হতে হবে। ভাষণে অনাবশ্যক কথা বাড়ালে বেশি নম্বর পাওয়া যায় না। প্রতিবেদন লেখার ক্ষেত্রে নিয়মের প্রতি সজাগ না থাকলে ভালো নম্বর পাওয়া সম্ভব নয়।ভাবসম্প্রসারণ: ভাবসম্প্রসারণের তিনটি অংশ। প্রথম অনুচ্ছেদে মূলভাব খুবই সংক্ষেপে লিখতে হবে। দ্বিতীয় অনুচ্ছেদে বিষয়টি বিশ্লেষণের সময় যুক্তি, ভাষা ও প্রাসঙ্গিক বক্তব্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। উপসংহারের মন্তব্য কখনোই দীর্ঘ হবে না। ভাবসম্প্রসারণে শিরোনাম লেখার প্রয়োজন নেই।