সহযোগী অধ্যাপক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণে ৩০ নম্বর থাকায় সহজেই ৮০ নম্বরের ওপরে পাওয়া যায়। নাটক: প্রশ্নের প্রথম অংশে নাটক থাকে। সিলেবাসে অন্তর্ভুক্ত তিনটি নাটকের যেকোনো একটি থেকে উত্তর দিতে হবে। নাটক অংশে ভালো নম্বর পেতে হলে মূল বইটি দুই-তিনবার ভালো করে পড়ে নিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন ও ব্যাখ্যা লেখার ক্ষেত্রে মূল বইটি ভালো করে পড়া থাকলে সঠিক উত্তর লেখা সহজ হবে। বড় প্রশ্ন: নাটক থেকে তিন-চারটি প্রশ্ন পড়লেই কমন পড়ে। বড় প্রশ্নের ক্ষেত্রে ভূমিকা ও উপসংহার আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক হওয়া আবশ্যক। বড় প্রশ্নের উত্তর লেখার সময় নাটক থেকে প্রয়োজনীয় উদ্ধৃতি দিলে উত্তরের মান বাড়বে। সংক্ষিপ্ত প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখার সময় তিনটি অনুচ্ছেদে উত্তরটি লিখলেই চলবে। শিরোনাম ব্যবহারের প্রয়োজন নেই। ব্যাখ্যা: ব্যাখ্যা লেখার সময় উৎস, প্রসঙ্গ, বিশ্লেষণ ও মন্তব্য—এ চারটি শিরোনাম মাথায় রেখে লিখলেই চলবে। তবে শিরোনাম ব্যবহার না করাই ভালো। ব্যাখ্যা লেখার সময় ‘অঙ্ক’ ও ‘দৃশ্য’ সম্পর্কে বিশেষভাবে সচেতন থাকতে হবে। ভুল হলে নম্বর কমে যাবে। পত্র লিখন: ব্যক্তিগত পত্রের চেয়ে আবেদনপত্র লিখলে বেশি নম্বর পাওয়া যায়। পত্র লেখার সময় অবশ্যই নিয়মকানুন সতর্কতার সঙ্গে অনুসরণ করতে হবে। যেসব পত্র ডাকযোগে পাঠাতে হয় সেগুলোর ক্ষেত্রে খাম ব্যবহার করতে হয়। চিঠিপত্রে ব্যক্তিগত ঠিকানা, প্রতিষ্ঠানের (কলেজের) নাম, ঠিকানা ব্যবহার করা অনুচিত। নাম ও ঠিকানার ক্ষেত্রে ক, খ, গ ইত্যাদি সাংকেতিক বর্ণ ব্যবহার করতে হবে। ভাষণ বা প্রতিবেদন: ভাষণ অথবা প্রতিবেদন যেকোনো একটি লেখা যায়। তবে ভাষণ লেখা অপেক্ষাকৃত সহজ। ভাষণের চারটি অংশ থাকে: সম্ভাষণ, সূচনা, মূল বক্তব্য ও উপসংহার। শিল্পসম্মত উপস্থাপনা, বক্তব্যের ধারাবাহিকতা রক্ষা ও শ্রোতার মনে স্থায়ী প্রভাব সৃষ্টিকারী সমাপনী বক্তব্য ভাষণ লেখার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। ভাষণের ভাষা সহজ হওয়া প্রয়োজন, যাতে শ্রোতা সেটি সহজেই বুঝতে পারে। প্রতিবেদন লেখার সময় তিনটি অংশ সঠিকভাবে লিখবে। প্রারম্ভিক অংশ, প্রধান অংশ ও পরিশিষ্ট। ভাবসম্প্রসারণ: ভাবসম্প্রসারণ লেখার সময় তিনটি বিষয়ে গুরুত্ব দিলেই চলবে। ক. মূলভাব খ. সম্প্রসারিত ভাব গ. মন্তব্য। তবে কোনো শিরোনাম ব্যবহারের প্রয়োজন নেই। প্রবন্ধ: বাংলা দ্বিতীয় পত্রে ২০ নম্বরের একটি প্রবন্ধ লিখতে হয়। বিভিন্ন বই থেকে তথ্য সংগ্রহ করে উন্নতমানের রচনা লিখলে বেশি নম্বর পাওয়া যাবে। প্রবন্ধ লেখার ক্ষেত্রে তথ্যনির্ভর ও বিজ্ঞানবিষয়ক রচনা নির্বাচন করাই ভালো।