জোর দাও রচনা ও ব্যাকরণ অংশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, বাংলা বিভাগ, নটর ডেম কলেজ, ঢাকা গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার ফলে সব বিষয়ের সঙ্গে বাংলায় বেশি নম্বর পাওয়ার বিষয়টি সমানভাবে গুরুত্বপূর্ণ। বাংলায় বেশি নম্বর পেতে হলে দ্বিতীয় পত্রকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ দ্বিতীয় পত্রের সিলেবাস বেশি নম্বর পেতে সহায়ক।বাংলা বিষয়ে ভালো নম্বর পেতে নির্ভুল ও নিখুঁত লেখার পাশাপাশি সুন্দরভাবে বিষয় উপস্থাপন করা খুব জরুরি। সুন্দরভাবে উপস্থাপনের প্রথম শর্ত সুন্দর হাতের লেখা। এ ক্ষেত্রে লেখা সুন্দর না হলেও পরিচ্ছন্ন হওয়া জরুরি। বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসে দুটি নাটক আছে—মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর আর মীর মশাররফ হোসেনের জমিদার দর্পণ। এর মধ্যে যেকোনো একটি নাটক থেকে উত্তর লিখতে হবে। নাটকের রচনামূলক প্রশ্নোত্তর একটু বড় হওয়া উচিত। তবে ভালো নম্বর পেতে হলে চার থেকে ছয়টি সংলাপ ব্যবহার করতে হবে, যা উত্তরকে সমর্থন করে। ভূমিকা হতে হবে আকর্ষণীয়, যেমন—রক্তাক্ত প্রান্তর নাটক অবলম্বনে ইব্রাহিম কার্দির চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। এ প্রশ্নের উত্তর এভাবে শুরু করা যায়—‘আধুনিক বাংলা সাহিত্যে মুনীর চৌধুরী এক অনন্যসাধারণ নাট্যপ্রতিভা; যিনি অল্পসংখ্যক নাটক লিখে সাহিত্যে সমৃদ্ধ আসনে অধিষ্ঠিত। নাটক হলো পরিণত ও পূর্ণাঙ্গ শিল্প, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সমাজের বাস্তব দৃশ্যপট। ঐতিহাসিক পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে কায়কোবাদের মহাকাব্য মহাশ্মশান থেকে কাহিনি নিয়ে রচিত রক্তাক্ত প্রান্তর নাটক। এ নাটকের কেন্দ্রীয় চরিত্র ও নায়ক ইব্রাহিম কার্দির চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ আমাদের আলোচ্য প্রসঙ্গ।’ এরপর বিস্তারিত উত্তর লিখতে হবে। চরিত্র বিশ্লেষণে কোনো পয়েন্ট ব্যবহার না করে শুধু প্যারা করে লিখতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে লেখক সম্পর্কে শুধু একটি বাক্য ব্যবহার করে সরাসরি উত্তর দিতে হবে। যদি প্রশ্নে কে, কাকে, কখন, কোন প্রসঙ্গে বলেছে এমন প্রশ্ন থাকে, তাহলে উত্তরে কে এবং কাকে—এ ক্ষেত্রে সরাসরি ব্যক্তির নাম উল্লেখ করে, সময়টা লিখে বিশ্লেষণ করতে হবে প্রসঙ্গটি। সংক্ষিপ্ত প্রশ্ন ও ব্যাখ্যা দুই পৃষ্ঠা লেখা মানানসই। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে একটি উদ্ধৃতি ব্যবহার করা যায়; তবে ব্যাখ্যায় উদ্ধৃতি না দেওয়াই ভালো। ব্যাখ্যা লেখার ক্ষেত্রে উৎস, প্রসঙ্গ, বিশ্লেষণ ও মন্তব্য—এ চারটি পয়েন্টের আলোকে লিখতে হবে। তবে অবশ্যই পয়েন্ট ব্যবহার না করে শুধু চারটি প্যারা করে লিখবে।বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ খুবই গুরুত্বপূর্ণ অংশ। ব্যাকরণের ক্ষেত্রে সমাস, প্রত্যয়, পারিভাষিক শব্দ, বানানের নিয়ম, উপসর্গ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বানান শুদ্ধি অধিক গুরুত্বপূর্ণ। সঙ্গে ভাষা, ব্যাকরণ, শব্দ প্রকরণ, বাক্য প্রকরণ অধ্যায়গুলো পড়তে হবে। বাংলা দ্বিতীয় পত্রে ভালো নম্বর পেতে ব্যাকরণে পূর্ণ নম্বর পাওয়া জরুরি। আর পূর্ণ নম্বর পেতে উল্লিখিত অধ্যায়গুলো ভালোমতো রপ্ত করতে হবে।ভাবসম্প্রসারণ তিন থেকে চার পৃষ্ঠা লিখলেই চলবে। মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য—এ তিনটি পয়েন্টের আলোকে পয়েন্ট উল্লেখ ছাড়া প্যারা করে লিখতে হবে। ভাষণ/প্রতিবেদনের ক্ষেত্রে প্রতিবেদন লেখা যুক্তিযুক্ত। চিঠি/দরখাস্তের ক্ষেত্রে দরখাস্ত লেখা ভালো, দরখাস্ত লিখতে যেকোনো একটি স্টাইল ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে দুই স্টাইল একই সঙ্গে মিশে গেলে ভুল হবে।বাংলা দ্বিতীয় পত্রে রচনা লিখন খুবই গুরুত্বপূর্ণ অংশ। একটি রচনা ৫ থেকে ৮ পৃষ্ঠা পর্যন্ত লেখা মানানসই। প্রশ্নে সাধারণত পাঁচ বিষয় অবলম্বনে পাঁচটি রচনা থাকে; সেখান থেকে যেকোনো একটি লিখতে হয়। প্রকৃতির বর্ণনা বিষয়ক রচনা, যেমন—গ্রীষ্মের দুপুর, শীতের সকাল, পূর্ণিমা রাত— এ-জাতীয় রচনায় পয়েন্ট উল্লেখ না করে শুধু প্যারা করে লেখাই ভালো। তবে তথ্যনির্ভর রচনা যেমন—বাংলাদেশের খেলাধুলা, পোশাকশিল্প, পর্যটনশিল্প—এ-জাতীয় রচনায় পয়েন্ট উল্লেখসহ প্যারা করে লিখতে হবে। বিজ্ঞানভিত্তিক রচনা যেমন—বিজ্ঞান ও আধুনিক জীবন, কৃষিকাজে বিজ্ঞান, কম্পিউটার ও আধুনিক বিশ্ব—এ-জাতীয় রচনায় পয়েন্ট উল্লেখসহ প্যারা করে লিখতে হবে।