জোরপূর্বক শ্রমে নারী ও শিশু নয়: হাইকোর্ট
দেশের ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নারী, শিশুসহ অন্যদের জোরপূর্বক শ্রমে নিয়োজিত না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের জবরদস্তিমূলক শ্রম বন্ধে কেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। শ্রমসচিব, স্বরাষ্ট্রসচিব, পরিবেশসচিব, প্রধান শ্রমপরিদর্শক, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা জেলা প্রশাসককে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জবরদস্তিমূলক শ্রম বন্ধের নির্দেশনা চেয়ে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান রিট আবেদন করেন। এর ওপর প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন ও আদেশ দেন। আদালতে সংগঠনটির পক্ষে আইনজীবী এলিনা খান ও রেজিনা মাহমুদ মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।রিট আবেদনে বলা হয়, গত ২৭ জানুয়ারি সাভারের এক ইটভাটা থেকে শেকলবাঁধা অবস্থায় ২৭ শ্রমিক উদ্ধারের ঘটনাসহ একাধিক প্রতিবেদন তুলে ধরা হয়। আরও বলা হয়, হাত-পা বেঁধে রাখা, দাসবৃত্তি বা জোর করে ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নারী, শিশুসহ অন্য শ্রমিকদের কাজে বাধ্য করা হচ্ছে। এটা মৌলিক ও মানবাধিকারের লঙ্ঘন।আদেশের পর এলিনা খান প্রথম আলোকে বলেন, আদালত নারী, শিশুসহ অন্য শ্রমিককে ইটভাটায় জোরপূর্বক শ্রমে নিয়োগ বন্ধের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া শ্রম আইন অনুসারে এ বিষয়ে পরিদর্শনসহ অন্যান্য পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের ব্যর্থতায় কেন ব্যবস্থা নেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।