জোলি প্রশংসিত
দাতব্য কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ততার জন্য সুপরিচিত হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এ ধরনের কাজে জোলির নিঃস্বার্থ অবদানের বিষয়টি বরাবরই প্রশংসিত হয়েছে। সোমালিয়ার শরণার্থীদের নিয়ে কাজ করায় এবার ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড সামিটে প্রশংসা পেয়েছেন তিনি।সম্প্রতি নিউইয়র্কের লিংকন সেন্টারে অনুষ্ঠিত ওমেন ইন দ্য ওয়ার্ল্ড সামিটের তৃতীয় আসরে আমন্ত্রণ জানানো হয়েছিল জোলিকে। সেখানে তাঁর কাজের স্বীকৃতি হিসেবে ধন্যবাদ জানানো হয় তাঁকে। এক খবরে এমনটাই জানিয়েছে ফিমেল ফার্স্ট।প্রথমেই জোলিকে মঞ্চে আমন্ত্রণ জানান স্যান্ড্রা নামের একজন ভুক্তভোগী, যাঁকে বিপদ থেকে উদ্ধারে সহায়তা করেছিলেন জোলি। জোলিকে ধন্যবাদ জানিয়ে স্যান্ড্রা বলেন, ‘আমার ঘরে শান্তি ফিরিয়ে দিয়েছেন জোলি। তিনি আমার মতো অসহায় মানুষদের জন্য যে কাজগুলো করছেন, তা এক কথায় অসাধারণ।’ এর পরপরই সোমালিয়ার শরণার্থীদের দুর্দশা নিয়ে নিজের অনুভূতি সবার সঙ্গে ভাগাভাগি করেন জাতিসংঘের শুভেচ্ছাদূত জোলি।