জোলির আংটির নকশা ব্র্যাড পিটের!
সাত বছর একসঙ্গে বসবাসের পর অবশেষে ১৪ এপ্রিল বাগদানের পর্ব সেরেছেন হলিউডের তারকা অ্যাঞ্জেলিনা জোলি (৩৬) ও ব্রাড পিট (৪৮)। এই অনুষ্ঠানে জোলির হাতে যে অঙ্গুরীয় পরিয়েছেন, সেটি তাঁর নিজের নকশা করা। এক খবরে হলিউড রিপোর্টার অনলাইন জানিয়েছে, বেভারলি হিলসের বিখ্যাত অলংকার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাসপ্রি অ্যান্ড গ্যারার্ডের প্রধান নির্বাহী রবার্ট প্রকোপকে জোলির জন্য আংটি তৈরির দায়িত্ব দিয়েছিলেন পিট।এ প্রসঙ্গে রবার্ট জানিয়েছেন, পিটের নকশা অনুসারেই জোলির জন্য আংটি তৈরি করে দিয়েছে তাঁর প্রতিষ্ঠান। এই আংটি তৈরি করতে প্রায় এক বছর ধরে খাটতে হয়েছে তাদের। তিনি বলেন, প্রায় এক বছর ধরে জোলির আংটি তৈরির জন্য ব্র্যাড পিট ও তাঁর প্রতিষ্ঠান এ নিয়ে কাজ করেছে। এই আংটির প্রতিটি নকশার বিষয়ে নির্দেশনা দিয়েছেন পিট নিজে। আস্ত একটি হীরা কেটে তা কোথায় বসাতে হবে বা মূল হীরার পাশে অন্য হীরাগুলো কীভাবে বসবে—সব নির্দেশনাই দিয়েছেন পিট।আংটি বদল করে বাগদান সারলেও কবে নাগাদ এই দুই তারকা বিয়ের পিঁড়িতে বসবেন, তা এখনো ঠিক হয়নি। উল্লেখ্য, ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি ২০০৫ সাল থেকে একসঙ্গে বসবাস করছেন। তিনটি দত্তক শিশুসহ তাঁদের ঘরে ছয়টি সন্তান রয়েছে। পর্দার ব্লকবাস্টার হিট চলচ্চিত্র মিস্টার অ্যান্ড মিসেস স্মিথের মতো বাস্তব জীবনেও একইভাবে জুটিবদ্ধ ব্রাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি। তবে এর আগে জোলি অভিনেতা জনি লি মিলার ও বিলি বব থরটনকে বিয়ে করেছিলেন। আর জোলির আগে অভিনেত্রী গিনেথ প্যালট্রোর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পিটের। অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোনের সঙ্গে পাঁচ বছর সংসার করেন পিট।মানবসেবায় এই জুটি নিবেদিতপ্রাণ। ২০০১ সালে জোলি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছা দূত নিয়োজিত হন। এ ছাড়া তাঁদের জোলি-পিট ফাউন্ডেশন নামে দাতব্য সংস্থা রয়েছে।