জোহরা তাজউদ্দীন হাসপাতালে
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মেরুদণ্ডের একটি হাড় ভেঙে গেছে। তিনি অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপে ভুগছেন। গতকাল সোমবার প্রবীণ এই রাজনীতিক প্রথম আলোকে বলেন, ১১ সেপ্টেম্বর খাট থেকে নেমে দাঁড়াতে গিয়ে তিনি পড়ে যান। এ ঘটনায় তিনি কিছুই বুঝতে পারেননি। ক্রমশ ব্যথা বাড়তে থাকে। এক পর্যায়ে ১৩ সেপ্টেম্বর বুকে-পিঠে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, তাঁর মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। জোহরা তাজউদ্দীন বলেন, তাঁর বড় মেয়ে শারমিন আহমদ, ছোট মেয়ে সিমিন হোসেন রিমি সব সময় তাঁর সঙ্গে আছেন। শিগগির ছেলে সোহেল তাজ মাকে দেখতে দেশে আসবেন বলে জানান স্বজনেরা। জোহরা তাজউদ্দীনের মেয়ে সিমিন হোসেন রিমি প্রথম আলোকে বলেন, আম্মা অনেক দিন ধরেই খুব অসুস্থ। গত ২৬ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত উনি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন। তাঁর রক্তচাপ খুব ওঠানামা করছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, এক থেকে দেড় মাস তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ৫১৯ নম্বর কেবিনে সৈয়দা জোহরা তাজউদ্দীনের সঙ্গে নাতনি সৈয়দা শাফিনাজকে পাওযা যায়। তিনি তাঁর নানিকে ফল খাওয়াচ্ছিলেন।