জোড়া খুনের ‘গল্প’ বলল তিন কিশোর!
ফার্মগেট-সংলগ্ন ইন্দিরা রোডে ভার্জিনিয়া রোজারিও (৬৩) ও তাঁর ছেলে ভ্যালেন্টাইন রোজারিও ওরফে মিল্টনকে (৩৩) শ্বাসরোধে ও গলা কেটে হত্যা করেছে তিন কিশোর। তারা মিল্টনের পরিচিত এবং পেশায় মোটরমিস্ত্রি। তারা হলো সুজন (১৬), আজিম মুন্সি (১৬) ও মানিক হোসেন ওরফে সজিব (১৯)। তবে পুলিশ বলেছে, সুজন ও আজিমের বয়স ১৮ বছর।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দাবি করেছে, মোটরগ্যারেজের মিস্ত্রি সুজনের কাছ থেকে মিল্টন এক লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়েছেন। সেই টাকা উদ্ধার করতে গিয়ে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে। কিন্তু কিশোর এই মোটরমিস্ত্রি ধার দেওয়ার জন্য এই বিপুল টাকা কোথায় পেল, সেই প্রশ্নের জবাব মেলেনি। পুলিশের দাবি, তার আয়-রোজগার ভালো।গতকাল রোববার সকালে ডিবি পুলিশ রাজধানীর কামরাঙ্গীরচর থেকে সুজনকে গ্রেপ্তার করে। তার তথ্যের ভিত্তিতে কাঁঠালবাগান থেকে আজিম ও ইস্কাটন থেকে মানিককে গ্রেপ্তার করা হয়। গতকাল তাদের নগরের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গণমাধ্যমের কর্মীদের সামনে আনা হয়। সেখানে তারা খুন করার কথা স্বীকার করে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়।ডিবি কর্মকর্তাদের উপস্থিতিতে সুজন দাবি করে, সে মোটরসাইকেল মেরামতের কাজ করে। মোটরসাইকেল মেরামত করতে গিয়ে দুই বছর আগে মিল্টন রোজারিওর সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে মিল্টনের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে এবং মিল্টনের ইন্দিরা রোডের বাসায় আসা-যাওয়া শুরু হয়। ছয় মাস আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন মিল্টন। অনেক দিন বাসায় বিশ্রামে ছিলেন তিনি। এরপর মিল্টনের মা ও বোন তাঁকে বাসা থেকে বের করে দিলে তিনি সুজনের বাংলামোটরের বাসায় গিয়ে ওঠেন। কিছুদিন পর মিল্টন অবশ্য তাঁর বাসায় ফিরে যান। সুজনের দাবি, এই সময় মিল্টন তার কাছ থেকে এক লাখ ৬৫ হাজার টাকা ধার নেন দুই মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে। কিন্তু দুই মাস পার হয়ে গেলেও মিল্টন টাকা ফেরত দেননি।সুজন দাবি করে, এর মধ্যে মিল্টন তাঁদের ইন্দিরা রোডের একটি ফ্ল্যাট বিক্রি করে ডেনমার্কে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি সে জানতে পারে। মিল্টন ডেনমার্কে যাওয়ার আগে টাকা দিয়ে যাবেন বলে তাকে জানান। কিন্তু তার বিশ্বাস হয়নি।সুজন দাবি করেছে, টাকা ফেরত পেতে সে তার দুই সহকর্মী আজিম ও মানিককে নিয়ে ৭ জানুয়ারি আলোচনা করে সিদ্ধান্ত নেয়, বাসায় গিয়ে মিল্টনকে ভয় দেখিয়ে পাওনা টাকা আদায় করা হবে। এ জন্য তারা ঘটনার দিন ৯ জানুয়ারি সকালে কারওয়ান বাজার থেকে দুটি চাকু, একটি দা, শেকল, দুটি তালা ও পাটের দড়ি কেনে। এগুলো নিয়ে তারা তিনজনে মোটরসাইকেলে করে ১৬-এফ ইন্দিরা রোডে মিল্টনের ফ্ল্যাটে গিয়ে কড়া নাড়ে। মিল্টনের মা দরজা খুলে দিয়ে তাদের বসতে বলেন।সুজন আরও জানায়, মিল্টনের শোবার ঘরে গিয়ে দেখে, মিল্টন ঘুমিয়ে আছেন। একপর্যায়ে তারা মিল্টনের মা ভার্জিনিয়া রোজারিওর হাত-পা বাঁধার চেষ্টা করে ব্যর্থ হয়। তখন মানিক মিল্টনের মায়ের গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করে। এরপর মিল্টনের ঘরে গিয়ে দড়ি ও শেকল দিয়ে তাঁর হাত-পা বেঁধে ফেলা হয়। মিল্টন জেগে ওঠার পর তাঁর কাছে পাওনা টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করেন। এরপর সে মিল্টনের বুকের ওপর বসে গলায় ছুরি ঠেকিয়ে তাঁর এটিএম কার্ড চায়। মিল্টনের তথ্যের ভিত্তিতে বাসা থেকে ব্র্যাক ব্যাংকের এটিএম কার্ড নেওয়া হয়। এ সময় মিল্টনকে ঘুমের ইনজেকশন দেয় মানিক। সুজন এই দাবি করলেও তাদের সঙ্গে আনা জিনিসপত্রের যে বর্ণনা সে দিয়েছিল, তাতে ইনজেকশনের তথ্য ছিল না।সুজন আরও দাবি করে, মানিক তাকে বলে, ‘মিল্টনকে মেরে ফেলা না হলে আমরা সবাই ধরা পড়ব।’ এরপর সে মিল্টনের গলায় দা দিয়ে পোচ দিয়ে হত্যা করে। ওই বাসা থেকে তারা ১০ হাজার টাকা ও দুটি মুঠোফোন নিয়ে মোটরসাইকেলে করে বাংলামোটরে তার বাসায় ফিরে যায়। সেখানে মানিক ও আজিমকে ছয় হাজার টাকা দেয় এবং নিজে চার হাজার টাকা ও দুটি মুঠোফোন নেয়।সুজন আরও জানায়, সে মিল্টনের এটিএম কার্ড দিয়ে নগরের ব্র্যাক ব্যাংকের একটি শাখা থেকে ২০ হাজার টাকা করে দুই দফায় ৪০ হাজার টাকা তোলে। পরে তারা সবাই গা ঢাকা দেয়।তবে পুলিশ ওই এটিএম কার্ড বা মিল্টনের বাসা থেকে নেওয়া মুঠোফোন দুটিও উদ্ধার করতে পারেনি।হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে মানিক এবং হত্যায় সহায়তা করার কথা স্বীকার করে আজিম। তবে তারা দাবি করে, খুন করা তাদের উদ্দেশ্য ছিল না। ঘটনার আকস্মিতায় হত্যাকাণ্ডটি ঘটে।ডিবির অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান জানান, মা-ছেলের লাশ উদ্ধারের সময় ইন্দিরা রোডের ওই বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত দা, দুটি চাকু, শেকল, তালা ও দড়ি আলামত হিসেবে জব্দ করা হয়। গ্রেপ্তারের পর খুনিরা এসব শনাক্ত করে।সংবাদ ব্রিফিংয়ে ডিবি পুলিশের উপকমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, হত্যাকাণ্ডের কোনো ক্লু ছিল না। অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ডিবির একটি দল তদন্ত শুরু করে। প্রযুক্তি ব্যবহার করে ডিবি পুলিশ খুনিদের শনাক্ত করে এবং তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। তিনি বলেন, ফ্ল্যাট বিক্রির ৩২ লাখ টাকার বিষয়টি সুজন জানত। হয়তো ওই টাকা তুলতেই মিল্টনের কাছ থেকে এটিএম কার্ড নিয়েছিল সে।মামলার তদারক কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গ্রেপ্তার হওয়া তিনজনকে আজ সোমবার ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে।জানা গেছে, সুজন বাংলামোটরে জহুরা মার্কেটের গলিতে থাকে। গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি। মানিক থাকে ৬৪ সেন্ট্রাল রোডে। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার চোরখুলি। আজিম বাংলামোটর পেট্রলপাম্পের গলিতে থাকে। বাড়ি মাগুরার শালিখা উপজেলার সরুসোনা গ্রামে। মামলার তদারক কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার মিশুক চাকমা জানান, শুধু মানিক তার মা-বাবার সঙ্গে সেন্ট্রাল রোডের ভাড়া বাসায় থাকে। সুজন ও আজিম আলাদা মেসে থাকে। তিনি জানান, সুজন পাঁচ-ছয় বছর ধরে বাংলামোটরে রিলিজ গ্যারেজে কাজ করছে। তার আয়-রোজগার ভালো।