জোড়া যমজ নিয়ে মা-বাবা উৎকণ্ঠায়
লামিয়া-নাদিয়া গলা জড়াজড়ি করে শুয়ে আছে। মনে হয় কেউ কাউকে পলকের জন্যও হারাতে চায় না। কাঁথা-কাপড় সরিয়ে দেখা গেল, শিশু দুটির বুক-পেট জোড়া লাগা। চাইলেও একে অপরের থেকে মুখ ফেরাতে পারছে না। এরা জোড়া লাগা যমজ। বিশেষজ্ঞরা বলেন, প্রতি এক লাখ জীবিত জন্মে জোড়া লাগা যমজের ঘটনা ঘটে একটি।রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে ১৬ দিন বয়সী দুই বোনের চিকিৎসা দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু শল্যচিকিৎসা বিভাগের সহযোগী অধ্যাপক রুহুল আমিন। তিনি জানান, শিশু দুটির যকৃৎ একটি, হূৎপিণ্ড দুটি। জন্মের পরপরই ওদের খুব শ্বাসকষ্ট ছিল। শারীরিক অবস্থা আরও কিছুটা স্থিতিশীল না হলে দুজনকে পৃথক করার উদ্যোগ তাঁরা নেবেন না। ওদের জটিল শল্যচিকিৎসার মাধ্যমে আলাদা করতে হবে। তাতে দীর্ঘ সময় লাগবে। ধকল সইবার মতো শক্ত না হওয়া পর্যন্ত চিকিৎসকেরা অপেক্ষা করবেন।লামিয়া-নাদিয়ার বাবা আল মহিউল ইসলাম ও মা সুলতানা পারভীন অনেকটা দিশেহারা। দুই বোনকে পৃথক করতে আট-দশ লাখ টাকার প্রয়োজন হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে। মহিউল ইসলাম কৃষিজীবী। ব্যয়বহুল এই চিকিৎসা তিনি কী করে চালাবেন, বুঝে উঠতে পারছেন না।মহিউল ইসলাম জানান, গত ২২ ডিসেম্বর খুলনার খালিশপুর ক্লিনিকে এই জোড়া লাগা যমজের জন্ম। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় সুলতানা পারভীনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল। তখনো রিপোর্ট দেখে চিকিৎসকেরা নিশ্চিত হতে পারেননি যে শিশু দুটি জোড়া লাগা। ২০ ডিসেম্বর তাঁরা জানতে পারেন, গর্ভের সন্তান দুটির বুক জোড়া লাগা। এরপর তাড়াহুড়ো করেই শল্যচিকিৎসার মাধ্যমে ওদের জন্ম হয় নির্দিষ্ট সময়ের আগে।মা সুলতানা পারভীন দুই সন্তান নিয়ে উদ্বিগ্ন। কেবলই কাঁদছেন তিনি। বড় আকাঙ্ক্ষার সন্তান ওরা। বিয়ের ছয় বছর পর ওদের জন্ম। জন্মের পর ১৬ দিন পার হয়েছে, ওদের গায়ে জামা দেওয়া যায়নি। মা ওদের কোলে নিতে পারছেন না, বুকের দুধ খাওয়াতে পারছেন না। অথচ শিশু দুটি খুবই দুর্বল।চিকিৎসকেরা বলছেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও জোড়া লাগা শিশুদের আলাদা করার পর বেঁচে থাকার হার খুব একটা সন্তোষজনক নয়। কখনো কখনো একটি শিশু বেঁচে থাকে। এর আগেও এই হাসপাতালে রুহুল আমিনের নেতৃত্বে আরও দুই জোড়া শিশুকে শল্যচিকিৎসার মাধ্যমে আলাদা করা হয়। প্রথমটি ২০০৩ সালে। সে সময় হাসান ও হোসেন নামের আড়াই মাস বয়সী দুই ভাইকে আলাদা করা হয়েছিল। হাসান বেঁচে আছে, কিন্তু হোসেন নেই। আর দুই বছর পর লামিয়া-মারিয়া নামে যে দুই বোনকে আলাদা করা হয়, তারা তিন মাস পর্যন্ত বেঁচে ছিল। পরে মারা যায়।লামিয়া-নাদিয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ রুহুল আমিনের নেতৃত্বে একটি দল গঠন করেছে। তারা শিশু দুটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।