জোড়াতালি টিকছে না
ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে জোড়াতালি দেওয়া সংস্কারকাজ টিকছে না। ঈদুল ফিতরের আগে এসব সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ফেলা ইট, সুরকি ও বালু উঠে আবারও গর্তের সৃষ্টি হচ্ছে। আবার অনেক ভাঙা রাস্তায় এখনো সংস্কারকাজ শুরু হয়নি।এই অবস্থায় মহাসড়কগুলোর কিছু নির্দিষ্ট জায়গায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। তাতে যানজটের পাশাপাশি জনভোগান্তির সৃষ্টি হচ্ছে। বাড়ছে ঝুঁকিও।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের প্রায় এক কিলোমিটার এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট থেকে বড়দারোগার হাট পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার অংশে ছোট-বড় গর্ত দেখা গেছে। ময়মনসিংহ থেকে গাজীপুর সদর উপজেলার ভোগড়া বাইপাস মোড় পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জোড়াতালি দেওয়া সংস্কারকাজও টিকছে না। একই অবস্থা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। সেখানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কোনাবাড়ী অংশের প্রায় এক কিলোমিটার রাস্তা আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।তবে মহাসড়কগুলোর সংস্কারকাজের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি গতকাল শুক্রবার গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে সাংবাদিকদের বলেন, ‘দেশের মহাসড়কগুলো এখন গাড়ি চলাচলের উপযোগী। রোদ ও বৃষ্টির ফাঁকে ফাঁকে সংস্কারকাজ চলছে। ওই সব জায়গায় আগামী তিন বছরে আর কোনো সমস্যা হবে না।’মন্ত্রী বলেন, ‘আমি যতটুকু আশা করেছিলাম, সেই গতিতে কাজের অগ্রগতি হয়েছে। আমি পুরোপুরি সন্তুষ্ট।’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: গতকাল শুক্রবার সরেজমিন ঘুরে দেখা গেছে, কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের প্রায় আধা কিলোমিটার রাস্তায় অন্তত ২০০ গর্ত আছে। এসব গর্তে ঈদের আগে ফেলা সুরকি ও বালু উঠে গেছে। পুরোনো কার্পেটিং উঠে পাথর ছড়িয়ে পড়ছে। পণ্যবাহী লরি, ট্রাক ও পিকআপগুলোকে কম গতিতে পার হতে দেখা গেছে। দুপুর ১২টার দিকে চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় গাড়ির জটলা দেখা গেছে। সেখানে বড় বড় গর্তের মধ্যে ইট ফেলা আছে। মহাসড়কের আমানগন্ডা থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত উঁচু-নিচু গর্ত অর্থা ৎ এবড়োখেবড়ো।মিয়াবাজার এলাকার বাসিন্দা ফয়েজ আহমেদ ও আলতাফ হোসেন বলেন, ‘ঈদের আগে যোগাযোগমন্ত্রীর আগমন উপলক্ষে মিয়াবাজার অংশে কিছু ইট, সুরকি ও বালু ফেলা হয়েছিল। বৃষ্টির পানিতে এগুলো ধুয়েমুছে গেছে। এখন ইটগুলো রয়েছে।সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঈদের আগেই গর্তগুলো ইট, বালু ও সুরকি দিয়ে ভরেছি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের কাজ শেষ হলে ওই ভোগান্তি থাকবে না।’ গত কয়েক দিনের টানা বর্ষণে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট থেকে বড়দারোগার হাট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার অংশ ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে। মিরসরাই পৌর সদর, বারইয়ারহাট পৌর এলাকা, হাদি ফকিরহাট, নিজামপুর কলেজ, বড়দারোগার হাট এলাকার সড়ক বেহাল। রয়েছে অসংখ্য গর্ত। ট্রাকচালক নুরুজ্জামান, বাসচালক সাইফুল ইসলাম, অটোরিকশাচালক মো. শাহজাহান, মো. বাবুল মিয়া ও নূর ইসলাম বলেন, ‘বড় বড় গর্তের কারণে গাড়ি চলছে ধীরে। ফলে যানজট লেগেই আছে। এতে সময় ও অর্থ দুই-ই নষ্ট হচ্ছে।’ তাঁরা দ্রুততার সঙ্গে মহাসড়ক মেরামতের দাবি জানান। গতকাল দুপুরের দিকে হলুদ রঙের একটি ট্রাকে করে চার লেন প্রকল্পের পক্ষ থেকে মিরসরাইয়ে সৃষ্ট গর্তে কিছু ইট, বালু আর পাথর দিতে দেখা গেছে। এ সময় কথা হয় ঠিকাদারি প্রতিষ্ঠান রেজা কনস্ট্রাকশনের প্রকৌশলী তারাপদ সরকারের সঙ্গে। তিনি বলেন, সিনোহাইড্রোর পরিবর্তে সড়ক মেরামতের কাজ তাঁরা করছেন। আগামী কয়েক দিন তাঁরা মিরসরাইয়ের বড়দারোগার হাট, নিজামপুর, হাদি ফকিরহাট ও মিরসরাই পৌর সদরে সড়ক মেরামতের কাজ করবেন।ঢাকা-ময়মনসিংহ: ত্রিশাল বাসস্ট্যান্ডের উত্তর পাশ থেকে দক্ষিণে নওধার এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের অবস্থা নাজুক। বাসস্ট্যান্ডের চা-বিক্রেতা আবদুল মতিন বলেন, ‘সামনের এ জায়গায় এখন পর্যন্ত ছয়-সাতবার ইটের খোয়া দিয়ে ভরাট করা হয়েছে। আজ (গতকাল) সকালেও মেরামত করা হয়েছে। কিছুক্ষণ পরেই এসব উঠে গিয়ে সারা রাস্তায় খোয়া ছড়িয়ে পড়ছে।’নারায়ণপুরে সড়কের একটি অংশ অনেকটা দেবে গেছে। সাইনবোর্ড থেকে বগারবাজার হয়ে নিশিন্দার মোড় পর্যন্ত, ভরাডোবা বাসস্ট্যান্ড থেকে ভালুকা সেতু, সিডস্টোর বাসস্ট্যান্ড থেকে ফরেস্ট বিট অফিস, স্কয়ার মাস্টারবাড়ি স্ট্যান্ড, জয়না বাজার স্ট্যান্ড, মাওনা বাসস্ট্যান্ডের উত্তর পাশে পল্লী বিদ্যু ৎ কার্যালয় এলাকা ছাড়াও রাজেন্দ্রপুর থেকে জয়দেবপুর পর্যন্ত সড়ক ভাঙাচোরা ও এবড়োখেবড়ো হয়ে গেছে। সিডস্টোর, রাজেন্দ্রপুর এলাকাতে সংস্কারকাজ চলছে।ঢাকা-টাঙ্গাইল: মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কোনাবাড়ী অংশের প্রায় এক কিলোমিটার রাস্তা আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। গতকাল কোনাবাড়ী বাজার এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কের দুই পাশে বড় বড় গর্তে পানি জমে আছে। ঈদের চার-পাঁচ দিন আগে এসব গর্ত খোয়া-বালু ফেলে ভরাট করা হয়েছিল। কিন্তু গত দুই দিনের বৃষ্টিতে গর্তের খোয়া-বালু উঠে গেছে।সওজের গাজীপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ শফিকুল আলম বলেন, অচিরেই গর্তগুলো ভরাট করা হবে। [প্রতিবেদন তৈরি করেছেন কুন্তল রায়, ঢাকা; শারফুদ্দীন কাশ্মীর, মিরসরাই (চট্টগ্রাম), গাজীউল হক, কুমিল্লা, মো. কামরুজ্জামান, ময়মনসিংহ; মাসুদ রানা, কালিয়াকৈর ও আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর (গাজীপুর)]