জোড়াতালি দিয়ে চলছে ক্ষেতলালে বরেন্দ্র বহুমুখী প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিকাজে আধুনিকায়ন, স্বল্প মূল্যে সেচ, মানসম্মত ড্রেনেজব্যবস্থা, বনায়ন প্রকল্পসহ কৃষকদের বিভিন্ন ধরনের সহযোগিতা দিতে উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প কাজ শুরু করে। কিন্তু অভিযোগ উঠেছে, জনবলসংকট ও সদিচ্ছার অভাবে এ প্রকল্প থেকে কৃষকেরা কোনো সুবিধাই পাচ্ছেন না। জোড়াতালি দিয়ে চলছে ক্ষেতলালের বরেন্দ্র বহুমুখী প্রকল্প কার্যালয়ের কার্যক্রম। কয়েক শ বিঘা আলু ও বোরো চাষ হুমকির মুখে পড়েছে বলে জানান এলাকার কৃষকেরা। তা ছাড়া দুই বছর আগের স্থাপন করা চারটি গভীর নলকূপ এখনো চালু হয়নি।উপজেলা বরেন্দ্র কার্যালয়ের সূত্র জানায়, ক্ষেতলালে ৩৮টি ও নতুন চারটিসহ মোট ৪২টি গভীর নলকূপ আছে বরেন্দ্র প্রকল্পের আওতায়। এগুলোর মধ্যে উপজেলার দৌলতপুর গ্রামের আবদুল হাকিম, ইকড়গারা গ্রামের আফছার আলী, কাঁচাকুল গ্রামের সাজ্জাদুর রহমান ও সুজাপুর গ্রামের মোশারফ হোসেনের গভীর নলকূপ দুই বছর আগে স্থাপন করা হলেও ড্রেন ও বিদ্যুৎসংযোগের অভাবে তা চালু করা সম্ভব হয়নি।ক্ষেতলাল কার্যালয়ের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী মোসাব আলী জানান, ক্ষেতলালে চারটি গভীর নলকূপ স্থাপনের পর গত ছয় মাস আগে ড্রেন নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান বগুড়ার সাবরিনা এন্টারপ্রাইজ। কিন্তু তারা এখন পর্যন্ত কোনো কাজ করেনি। বরং মালামালসহ তাদের আর পাওয়া যাচ্ছে না। অন্যদিকে, আয়মাপুর গ্রামের জাকির হোসেন বলেন, ‘গত তিন বছর আগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের গভীর নলকূপ চালু থাকলেও ড্রেনেজ-ব্যবস্থা নেই বলেই চলে। বরেন্দ্র অফিসে ঘুরতে ঘুরতে আমাদের পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে।’উপজেলার কাঁচাকুল গ্রামের সাজ্জাদুর রহমান ও দৌলতপুর গ্রামের আবদুুল হাকিম জানান, দুই বছর ধরে বরেন্দ্র অফিসের তত্ত্বাবধানে গভীর নলকূপ স্থাপন করা হলেও ড্রেন নির্মাণ ও বিদ্যুৎসংযোগ না পাওয়ায় তা চালু করা হয়নি। তাঁরা আরও জানান, তাঁদের গভীর নলকূপ প্রকল্পের আওতায় প্রায় ছয়টি অগভীর নলকূপ ছিল। সেগুলো বরেন্দ্র প্রকল্পের গভীর নলকূপ স্থাপন হওয়ার জন্য উঠিয়ে নেওয়া হয়েছে। এ কারণে কৃষকেরা এখন পানি পাচ্ছেন না। তাঁরা বেকায়দায় পড়েছেন আলু ও বোরো ধানের চাষ নিয়ে। এলাকার কৃষকেরা প্রচণ্ড চাপ দিচ্ছেন গভীর নলকূপ চালু করার জন্য। গত বছর দুটি গভীর নলকূপের আওতায় প্রায় ৪০০ বিঘা জমির আলু ও বোরো ধান নিয়ে বিপদে পড়েছিলেন তাঁরা।ক্ষেতলাল উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা বলেন, ক্ষেতলাল বরেন্দ্র কার্যালয়ে জনবলের সংকট আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দেখা যাক, কী হয়।