জোড়াতালি দিয়ে চলছে শাহজালাল বিমানবন্দর
দশ বছরেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামোগত উন্নয়ন করতে না পারায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উড্ডয়ন-অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ক্ষণস্থায়ী মেরামতের মাধ্যমে কার্যত জোড়াতালি দিয়ে ১০ বছর ধরে চলছে এই বিমানবন্দর।সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে, বিমানবন্দরের ট্যাক্সিওয়ের কংক্রিটের আস্তরের (স্ল্যাব) শক্তি কমেছে। বিমান থামার জায়গা থেকে রানওয়েতে যাওয়ার পথ বা ট্যাক্সিওয়ের আস্তরে দেখা দিয়েছে ফাটল। এ কারণে ভারী উড়োজাহাজ চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া, রাডার ও ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমসহ (আইএলএস) উড্ডয়ন-অবতরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বেশ কিছু সরঞ্জামে ত্রুটি বা ঘাটতি রয়েছে বলে সূত্র জানায়। এ অবস্থায় বিমানবন্দরের আধুনিকায়নে ডেনমার্ক সরকারের আর্থিক সহায়তায় একটি প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু ১০ বছর ধরে দালিলিক কাজ চলার পর সেই প্রকল্পও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।এই সময়ে বিমান চলাচল ও নতুন প্রজন্মের সুপরিসর উড়োজাহাজের উড্ডয়ন-অবতরণ বেড়েছে। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার কমোডর মাহমুদ হাসান সম্প্রতি বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিবকে লেখা এক চিঠিতে বলেছেন, শিগগির এই বিমানবন্দরের আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়ন না হলে দৈনন্দিন পরিচালন কার্যক্রম মারাত্মক ব্যাহত হবে।সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে, বর্তমানে বিমানবন্দরের ট্যাক্সিওয়ের কংক্রিটের আস্তরের ভার নেওয়ার ক্ষমতা ৪০ পিসিএন (পেইভমেন্ট ক্লাসিফিকেশন ইনডেক্স)। কিন্তু এখানে যেসব ভারী উড়োজাহাজ চলাচল করে তার জন্য কংক্রিটের আস্তরের শক্তি হওয়া দরকার ন্যূনতম ৭০ পিসিএন। এরই মধ্যে বিভিন্ন জায়গায় আস্তরে অসংখ্য ফাটল দেখা দিয়েছে। তাই ভারী উড়োজাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্যাক্সিওয়ে। গত ২৫ সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিবের কাছে দেওয়া সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার কমোডর মাহমুদ হাসানের দেওয়া চিঠিতে বলা হয়, ‘ডানিডার সাহায্যপুষ্ট প্রকল্পের মাধ্যমে...বিমানবন্দরের আপগ্রেডেশনের দালিলিক কার্যক্রম সুদীর্ঘ ১০ বছর ধরে চলছে। প্রকল্প বাস্তবায়নের আশায় ট্যাক্সিওয়ে, রাডার, আইএলএস ইত্যাদির ক্ষণস্থায়ী মেরামতের মাধ্যমে বিমানবন্দরের অপারেশনাল কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। প্রকল্পের আর্থিক সহায়তার বিষয়টি এখনো অনিশ্চিত হওয়ায় উহার বাস্তবায়ন আরও বিলম্বিত হবে, যা বিমানবন্দরের দৈনিন্দিন অপারেশনাল কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করবে।’এই প্রেক্ষাপটে বিমানবন্দরের ‘আপগ্রেডেশন’ শীর্ষক প্রকল্পটি ডেনমার্কের অর্থায়নের পরিবর্তে সিভিল এভিয়েশনের নিজস্ব অর্থায়নে করার ব্যাপারে মত দেন সংস্থাটির চেয়ারম্যান। তিনি এ ব্যাপারে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের জন্য সচিব বরাবর চিঠি পাঠান।জানতে চাইলে গত বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সচিব আতাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, এটি সরকারের অগ্রাধিকার প্রকল্প। ডানিডার অর্থায়ন অনিশ্চিত হওয়ায় বিমানবন্দরের জরুরি এ কাজ নিজস্ব অর্থায়নে করার ব্যাপারে আলোচনা চলছে।আধুনিকায়ন প্রকল্পের ১০ বছর: সিভিল এভিয়েশনের এ-সংক্রান্ত নথিতে বলা হয়, ১৯৭৯ সালে মাঝারি ধরনের বিমান চলাচলের উপযোগী করে এই বিমানবন্দরটি চালু করা হয়। দীর্ঘদিনের ব্যবহার ও নিয়মিত সুপরিসর বিমান চলাচলের ফলে বিমানবন্দরের রানওয়ে, ট্যাক্সিওয়ে ও অ্যাপ্রোন কার্যক্ষমতা হারাচ্ছে। ১৯৯৬ সালে রানওয়ের শক্তি বাড়ানোর কাজ করা হয়। কিন্তু তখন আর্থিক ও অন্যান্য অসুবিধার কারণে ট্যাক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ ও মেরামতের কাজ করা যায়নি। পরে ট্যাক্সিওয়ের অবস্থা বিমান চলাচলের অনুপযোগী হয়ে উঠলে এর মেরামত ও উন্নয়নে অর্থ সংস্থানের খোঁজে নামে সিভিল এভিয়েশন।২০০০ সালের জুলাই মাসে ডেনমার্কের সাহায্য সংস্থা ডানিডার আর্থিক সহায়তা নেওয়ার কার্যক্রম শুরু হয়। সম্ভাব্যতা যাচাই শেষে ২০০৩ সালে প্রকল্পে অর্থায়নের জন্য ডানিডার কাছে প্রস্তাব পাঠানো হয়। ২০০৪ সালের ২৯ মার্চ ডেনমার্ক সরকার এই প্রকল্পে অর্থায়নের সিদ্ধান্ত নেয়। প্রকল্পের কারিগরি সহায়তার জন্য ২০০৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও ডানিডার মধ্যে চুক্তি সই হয়। প্রায় দুই বছর পর ২০০৮ সালের ১৪ জুলাই একনেকে ৪১৪ কোটি টাকার প্রকল্প প্রস্তাব পাস হয়। এই টাকার মধ্যে ৩২৮ কোটি ৭৫ লাখ টাকা ডানিডা এবং বাকি ৮৫ কোটি ২৯ লাখ টাকা শুল্ক বাবদ বাংলাদেশ সরকার দেবে। এ ব্যাপারে ২০০৮ সালের ৬ নভেম্বর দুই দেশের মধ্যে চুক্তি হয়। নথিপত্রে দেখা যায়, ২০০৯ সালের ১৫ এপ্রিল প্রথম দরপত্র ডাকা হয়। তাতে জমা পড়া দুটি দরদাতা প্রতিষ্ঠান কারিগরিভাবে অযোগ্য বিবেচিত হলে বছর শেষ করে ১৭ ডিসেম্বর পুনর্দরপত্র ডাকার সিদ্ধান্ত হয়। সেই পুনর্দরপত্র ডাকা হয় ২০১০ সালের ৩ মার্চ। ডেনমার্কের একটি প্রতিষ্ঠানের দরপত্র গৃহীত হয়। ডেনমার্ক সরকারের কাছে বিভিন্ন সময় পাঠানো সিভিল এভিয়েশনের চিঠিপত্রে দেখা যায়, এই কাজের যোগ্য বলে বিবেচিত প্রতিষ্ঠানের উদ্ধৃত দর, বিমা ও কারিগরি সহায়তাসহ ব্যয় ডানিডার সঙ্গে ঋণ চুক্তির চেয়ে ২২৮ কোটি টাকা বেশি। তারা বাড়তি এ টাকাও ঋণ সহায়তা হিসেবে চায় ডানিডার কাছে। ডেনমার্ক সরকার গত ২৯ নভেম্বর এক চিঠিতে জানিয়েছে, তারা পূর্ব প্রতিশ্রুত ৩২৮ কোটি ৭৫ লাখ টাকা দেবে। বাড়তি ২২৮ কোটি টাকা দেওয়া সম্ভব নয়।