জোড়াতালি দিয়ে ভোগান্তির চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিভাগের আট জেলায় আট হাজার ৩৪৯ কিলোমিটার জাতীয়, আঞ্চলিক ও জেলা সড়ক রয়েছে। এর মধ্যে ৫৮২ দশমিক ১৮ কিলোমিটার সড়কের অবস্থা খুবই করুণ। বিভিন্ন সময় মেরামত করে সড়কগুলোয় কোনো রকমে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও বগুড়া জেলায় মোট জাতীয় সড়ক আছে ৫৭২ দশমিক ৭ কিলোমিটার, আঞ্চলিক পাঁচ হাজার ৭১৯ দশমিক ৬ এবং দুই হাজার ৫৬ দশমিক ৭৩ কিলোমিটার জেলা সড়ক রয়েছে। এর মধ্যে জাতীয় সড়কের অবস্থা মোটামুটি ভালো। তবে এর ১৮ কিলোমিটারের অবস্থা করুণ। আঞ্চলিক সড়কের ১৪৮ দশমিক ৬৮ কিলোমিটার ও জেলার ৪১৫ দশমিক ৫০ কিলোমিটার সড়কের মেরামত জরুরি হয়ে পড়েছে। রাজশাহী: আঞ্চলিক সড়কগুলোর মধ্যে রাজশাহী-নবাবগঞ্জ ২০ কিলোমিটার, রাজশাহী-নওহাটা-চৌমাসিয়া ৩৪ দশমিক ৫০, উজানপাড়া বিজয়নগর প্রেমতলী ১৩ দশমিক ১৮ এবং জেলা সড়কের রাজশাহীর পুঠিয়া-আড়ানী ১০ কিলোমিটার, শিবপুর-দুর্গাপুর-তাহেরপুর ২৪ দশমিক ৫০, মোহনপুর-তানোর ১৩ ও বানেশ্বর-সারদা, চারঘাট-বাঘা ৩১ কিলোমিটার সড়ক জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন। এসব রাস্তা চার থেকে আট বছর আগে সংস্কার করা হয়েছে। রাজশাহী-নবাবগঞ্জ সড়কের ৪২ কিলোমিটারের মধ্যে ২০ কিলোমিটারের অবস্থা খুবই খারাপ। সওজের হিসাবের বাইরে ‘বিআইটি-হাটগোদাগাড়ী-ফলিয়ার বিল-মোহনগঞ্জ’ ৩৫ কিলোমিটার সড়ক একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সিরাজগঞ্জ: জেলায় ১১১ কিলোমিটার জাতীয় সড়ক আছে। এর পাঁচ কিলোমিটারে মেরামত জরুরি। বাকি সড়কের অবস্থা মোটামুটি ভালো। আঞ্চলিক সড়কের পরিমাণ ২৫ কিলোমিটার। এর মধ্যে তিন কিলোমিটারের অবস্থা খারাপ। জেলা সড়ক আছে ৩৮০ কিলোমিটার, যার ৮০ কিলোমিটারেরই বেহাল দশা।হাটিকুমরুল-বনপাড়া সড়কের মূল সড়কসহ পার্শ্ব সড়কের (বাইলেন) অবস্থা একেবারে কাহিল। সড়কের পাশের মাটি বৃষ্টির পানিতে ভেঙে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো. নুর আলম জানান, জাতীয় সড়কগুলোর অবস্থা ভালো। নাটোর: সাড়ে তিন কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় ৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত নাটোর-নওগাঁ সড়কে যান চলাচল করতে পারছে না। রাস্তাটি গত দুই বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ফলে নাটোর ও নওগাঁ জেলা সদরের যাত্রীদের দেড় শ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। সওজ নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কে এম মোস্তফা বলেন, নাটোর-নওগাঁ সড়কসহ জেলার চারটি জেলা সড়কে এখনো ১০ কিলোমিটার কার্পেটিং বাকি আছে। অচিরেই কাজ শুরু করা হবে। চাঁপাইনবাবগঞ্জ: জেলার ২৩১ কিলোমিটার সড়কের মধ্যে ৫৭ কিলোমিটারের মেরামত জরুরি। সওজের ১২টি সড়কের মধ্যে দুটি আঞ্চলিক মহাসড়ক ও ১০টি জেলা সড়ক রয়েছে। জেলা সড়কের নয়টি রক্ষণাবেক্ষণ ও একটি উন্নয়ন খাতের। চাঁপাইনবাবগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, নয়টি রক্ষণাবেক্ষণ সড়কের ৪০ কিলোমিটার মেরামতের জন্য তিন কোটি ৮২ লাখ ও উন্নয়ন প্রকল্পভুক্ত সড়কের গোদাগাড়ি-নাচোল-নিয়ামতপুর সড়কের চাঁপাইনবাবগঞ্জ অংশের ৩০ কিলোমিটার সড়ক উন্নয়নের জন্য চার কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। জয়পুরহাট: সওজ বিভাগের অধীনে জাতীয় মহাসড়ক নেই। তবে তিনটি আঞ্চলিক মহাসড়ক রয়েছে। এর দৈর্ঘ্য ৪১ কিলোমিটার। এর মধ্যে পাঁচ কিলোমিটার জরাজীর্ণ। আঞ্চলিক মহাসড়ক ছাড়া সড়ক বিভাগের অধীনে ১১টি জেলা সড়ক রয়েছে। এর দৈর্ঘ্য ১৯৪ কিলোমিটার। এর মধ্যে ৪৫ কিলোমিটারই বেহাল। পাবনা: নয় উপজেলায় সওজের অধীনে জাতীয়, আঞ্চলিক ও জেলা সড়ক রয়েছে ৪৭৭ দশমিক ৩৮ কিলোমিটার। এর মধ্যে প্রায় ২০ শতাংশ সড়ক মেরামতের অভাবে চলাচলের অযোগ্য হ েয় আছে। জানা গেছে, জেলায় জাতীয় মহাসড়ক রয়েছে মোট ১৫৭ দশমিক ৭০ কিলোমিটার। এর মধ্যে অধিকাংশ সড়কই নতুন করে মেরামত করা হয়েছে। এর পরও প্রায় ২৫ কিলোমিটার মেরামতযোগ্য সড়ক রয়েছে। এর মধ্যে বেড়া উপজেলার বাঁধের হাট-কাজির হাট-নতিবপুর সড়ক ও বাঁধেরহাট-খয়েরচর সড়কটি নির্মাণাধীন।বগুড়া: জাতীয়, আঞ্চলিক ও জেলা সড়কগুলোর মধ্যে প্রায় ৮০ কিলোমিটার সড়কের অবস্থা ভালো নয়। এসব সড়কের কয়েকটি সেতু কম প্রশস্ত হওয়ায় সেখানে দুর্ঘটনা ঘটছে। জানা গেছে, জেলার জাতীয় সড়কের মধ্যে বগুড়া-নাটোর সড়কের নন্দীগ্রাম পর্যন্ত আট কিলোমিটার সড়কের অবস্থা খুব খারাপ। এই সড়কে যাত্রীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। চান্দাইকোনা থেকে রহবল পর্যন্ত মহাসড়কের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত রয়েছে। আঞ্চলিক সড়কের মধ্যে বগুড়া-সান্তাহারের মধ্যে তিন কিলোমিটার সড়ক খারাপ রয়েছে। (প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী; আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ; মুক্তার হোসেন, নাটোর; মিলন রহমান, বগুড়া; এনামুল হক, সিরাজগঞ্জ; আসাদুল ইসলাম, জয়পুরহাট ও সরোয়ার উল্লাস, পাবনা)