জোড়াতালি দিয়ে রেল চালাচ্ছি
যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি জোড়াতালি দিয়ে কোনো রকমে রেল চালাচ্ছি। রেলের নতুন ইঞ্জিন আসা শুরু করেছে। আমার টার্গেট নতুন ইঞ্জিন আসার আগ পর্যন্ত আপাতত রেলের টাইমিং শিডিউল ঠিক রাখা, স্টেশন, টয়লেট ও রেলের ভেতর পরিষ্কার রাখা। অনেক জায়গায় দেখা যায়, একজন স্টেশনমাস্টার পরিবর্তন করা হলে সেখানে নতুন একজন দেওয়ার কায়দা নেই। ক্ষমতা নেই। আজ শনিবার বিকেলে ফেনী রেলস্টেশন পরিদর্শনকালে ওবায়দুল কাদের স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন । ওবায়দুল কাদের আরও বলেন, ‘ঈদ সামনে রেখে রেলের ১৫০টি কোচ প্রস্তুত করে রাখা হয়েছে। চাহিদা অনুযায়ী সেগুলো বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। ঈদের পর থেকে রেলওয়ের জনবল বৃদ্ধির লক্ষ্যে নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। জনবল কম থাকায় এখন অনেকের অনিয়ম জেনেও বিশেষ কোনো ব্যবস্থা নিতে পারছি না। ব্যবস্থা নিতে হলে ওই কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ অন্যত্র বদলি করা হচ্ছে। জনবল না থাকায় ছাঁটাই করা সম্ভব হচ্ছে না।’